শহর প্রতিনিধি : অবৈধ অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিকাশ চন্দ্র নাথ ওরফে আরিয়ান মাহমুদ ওরফে এফএক্স এডি নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ১০ টায় আটকের সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের তিনটি মোবাইল ফোন, ব্যাংকের চেকবই, কম্পিউটার সেটআপ,কনটেন্ট তৈরির সরঞ্জাম এবং দুটি ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
পুলিশ সূত্র জানায়, সোমবার রাত ১০টায় জেলা গোয়েন্দা সংস্থার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর মধ্যম চাড়িপুর এলাকার ইদ্রীস মোল্লা সড়কের এলাকায় অবস্থিত নয়ন ম্যানশনের নিচতলায় অভিযান চালায়। এসময় সেখান থেকে বিকাশ চন্দ্র নাথ ওরফে আরিয়ান মাহমুদ ওরফে এফএক্স এডি (২৫)-কে গ্রেফতার করা হয়। সে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রামপুরা এলাকার দিলীপ চন্দ্র নাথের ছেলে ও বর্তমানে ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুর এলাকায় বসবাস করেন।
পুলিশ আরো জানায়, অভিযুক্ত ব্যক্তি ইউটিউব, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন ট্রেডিং সংক্রান্ত কনটেন্ট ও প্রচারণা চালাতেন। এসব প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন ট্রেডিংয়ে সম্পৃক্ত ও প্রলুব্ধ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ফেনী গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, ‘জব্দকৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। অনলাইন ট্রেডিং ও আর্থিক লেনদেনের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করা হচ্ছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’