সেপ্টেম্বর ৯, ২০২৬ ১৬:১১

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সভায় ডিসি মাহবুবউল করিম সাক্ষরতা বৃদ্ধির সাথে প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে


শহর প্রতিনিধি : ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক ফরিদ উদ্দিন আহমদ এর সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফি উল্লাহ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ.কে.এম ফাহাদ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা নজরুল ইসলাম আদর ও বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, ‘সাক্ষরতার হার বৃদ্ধির পাশাপাশি আমাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি আমরা যেন পৃথিবীর পরিবেশটা ঠিক রাখতে পারি, সে বিষয়টিও আমাদের দেখতে হবে। পরিবেশ সংক্রান্ত যে বিষয় গুলো রয়েছে সেসব নিয়ে আমাদের সচেতন হতে হবে। তাহলে এ পৃথিবীতে আমরা আমাদের যে ভবিষ্যত প্রজন্ম তাদের জন্য বাসযোগ্য করে রেখে যেতে পারবো।’

এসময় বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিভাবকদের এ বিষয়ে সচেতনতা তৈরির আহবান জানান জেলা প্রশাসক। বিদ্যালয়গুলোতে বিশেষ করে পিছিয়ে পড়া বিদ্যালয় গুলোতে মা বা অভিভাবক সমাবেশ করতে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!