নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে রচনা ও সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে শহরের একটি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম।
তিনি বলেন, বিশ্বের বুকে বড় একটি মুসলিম দেশ এই বাংলাদেশ। কিন্তু এখানে আমাদের সমাজে শান্তি নেই, স্বস্তি নেই, নিরাপত্তা নেই। অগ্রগতি, উন্নতি কোনও কিছু নেই। এটার মূল কারণ আমরা ইসলামকে ইসলামের নবী মুহাম্মদ (সা.) কে জানি না তার আদর্শ সম্পর্কে আমরা অবগত নাই।
মাছুম আরো বলেন, আমরা যদি বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, শরীয়াহ আইনের বিরুদ্ধে, সম্পত্তি হস্তান্তর বিরুদ্ধে ইসলামের যে নীতি আদর্শ আছে এর বিরুদ্ধে, বোরকার বিরুদ্ধে, উম্মাতুল মুমিনির বিরুদ্ধে যে কুৎসা রটনা করা হয় এগুলো সব বন্ধ হয়ে যাবে।
আর যদি ঐক্যবদ্ধ না থেকে আগের মত দলাদলি-ফতোয়াবাজি এগুলো করি তাহলে মুসলমানদের দ্বিধাবিভক্ত হলে দুশমনদোর সাহস বেড়ে যাবে। তারা এত সাহস পাবে যে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে।
শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক জেলা আমীর এ.কে.এম শামছুদ্দিন, শহর সহকারী সেক্রেটারি মুহাম্মদ মিজানুর রহমান, অর্থ সম্পাদক মনির আহমদ খাঁন, প্রচার ও মিডিয়া সম্পাদক জাকির হোসেন রুবেল প্রমুখ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে রচনা ও সীরাত পাঠ প্রতিযোগিতার বিজয়ী ২০জনকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
একইদিন বিকালে শহরের দারুল ইসলাম সোসাইটি মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে তিনদিনব্যাপী লীডারশীপ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম।
এছাড়া শহরের একটি মিলনায়তনে শহর জামায়াতের উদ্যােগে দিনব্যাপী বাছাইকৃত কর্মী ওয়ার্কশপে যোগ দেন তিনি।