অক্টোবর ৪, ২০২৬ ০৫:২৫

সোনাগাজীতে কুপিয়ে ছাত্রদল কর্মীর ডান হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন করেছে নিজদলীয়রা, গ্রেপ্তার-১

নিজস্ব প্রতিনিধি : সোনাগাজীতে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. আবদুল হালিম আসিফ (২২) নামে একছাত্রদল কর্মীকে কুপিয়ে ডান হাতের দুটি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মো. সাফায়াত হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাদামতলি এলাকায় এ ঘটনা ঘটে। আহত আসিফ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকার করিমুল হকের ছেলে। ঘটনার পর থেকে এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মিঝি বাড়ির ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী নুর হোসেন সেলিমদের সঙ্গে এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে ছাত্রদলকর্মী মো. আসিফের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে সেলিম ও শামীমের নেতৃত্বে ৮-১০ জন যুবদল কর্মী আসিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন করে দেয়।

এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের বড় ভাই আবদুল হামিদ বলেন, তার ভাই আসিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে স্থানীয় যুবদলকর্মী নুর হোসেন সেলিম ও মো. শামীমের নেতৃত্বে ৮-১০জন কুপিয়ে ও পিটিয়ে তার ডান হাতের দুটি আঙ্গুল হাত থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি এর সুষ্ঠ বিচার দাবি করেন। এঘটনায় তিনি নিজে বাদি হয়ে ১৫জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। জানতে চাইলে স্থানীয় যুবদলকর্মী নুর হোসেন সেলিম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, মুহুরী নদীর কলমির চরে জায়গা দখল নিয়ে স্থানীয়দের দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ কারনে হয়তো আসিফ প্রতিপক্ষের হামলার শিকার হতে পারে। তবে এ ঘটনায় উপজেলা বিএনপি ও যুবদলের কোন দায়িত্বশীল নেতা মন্তব্য করতে রাজি হননি।


সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের ও সাফায়াত নামে একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!