নিজস্ব প্রতিনিধি : ফেনীতে পৃথক ঘটনায় এক নারীসহ ৩টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরের দিকে জেলার সদর উপজেলা ও সোনাগাজী থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাগাজী উপজেলার ওয়াপদা রোডের পরিত্যক্ত পুকুরে একটি মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত মোহাম্মদ নিজাম উদ্দিন (৪৫) স্থানীয় পৌরসভার ৫নং ওয়ার্ডের চরগনেশ এলাকার ডাউল বেপারী বাড়ির আহসান উল্লাহর ছেলে। সে মৃর্গি রোগে আক্রান্ত ছিলেন।
এছাড়া একই উপজেলার চর সাহাভিকারী গ্রাম থেকে বিবি মরিয়ম প্রকাশ ফাইমা (১৪) এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে অভিমান করে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। নিহত ফাইমা ওই গ্রামের মো. জামাল উদ্দিনের মেয়ে। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম দুজনের মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন থেকে আবেদ আলী (৪৫) নামে গরু খামারের এক কর্মচারির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি রংপুরের বাসিন্দা নিহত আবেদ আলী স্থানীয় আজাদের গরুর খামারের দিনমজুর ছিলেন। খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।