অক্টোবর ১৩, ২০২৬ ১২:২৮

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে জব্দকৃত গরু প্রকাশ্য নিলামে বিক্রি


নিজস্ব প্রতিনিধি : ফেনী জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানে উদ্ধার ও জব্দ করা বিপুল সংখ্যক গরু গতকাল সোমবার দুপুরে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং বিজিবির উপস্থিতিতে এই নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্র জানায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সীমান্ত সুরক্ষায় নিয়মিত এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজীসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় চোরাপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় গরু জব্দ করা হয়। চোরাকারবারিরা সীমান্ত পার করে এসব গবাদিপশু বাংলাদেশে আনার পর বিজিবির টহল দলের ধাওয়ায় ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত এসব গরু নিয়ম অনুযায়ী কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়।
কাস্টমস ও বিজিবি কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ক্যাম্পে প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৫৬টি গরুর সর্বোচ্চ দরদাতা মো. লোকমান এর কাছে সরকারের নির্ধারিত রাজস্ব মূল্যে গরুগুলো আইনগতভাবে বিক্রি করা হয়েছে। এই নিলাম থেকে অর্জিত ১৮লক্ষ ১১হাজার টাকা সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
নিলাম কার্যক্রম পরিচালনা করেন ফেনী কাস্টমসের ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আজাদ হোসেন এবং ফেনী-৪ বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, পিএসসি বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে। দেশের অর্থনীতি রক্ষা এবং মাদক-চোরাচালানের বিস্তার রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!