নিজস্ব প্রতিনিধি : ফেনী শহরের রামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে আচার ও চিপস উৎপাদন, পণ্য তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং মেঝেতে খাদ্য উপাদান সংরক্ষণ ও মোড়কজাত করার অভিযোগে ‘রিহান ফুডস’ নামের একটি আচার ও চিপস কারখানাকে ১লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসন, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।
অভিযান চলাকালে কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। এছাড়া পণ্য উৎপাদনে পোড়া তেল ব্যবহার, মেঝেতে খাদ্য তৈরির উপাদান সংরক্ষণ এবং মেঝেতে খাদ্যপণ্য মোড়কজাত করার মতো অনিয়ম পাওয়া যায়।
এসময় আরও দেখা যায়, নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী খাদ্য প্রস্তুতের নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না। কারখানার খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা এবং কর্মীদের মধ্যে স্বাস্থ্যবিধি পালনে অসচেতনতার বিষয়টিও অভিযানে উঠে আসে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ধারা অনুযায়ী রিহান ফুডসকে ১লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ফেনীর নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন এবং ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক কৃষ্ণময় বণিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা। অভিযানের সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে ফেনী জেলা পুলিশের একটি দল।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি আইন ও বিধিবিধান মেনে খাদ্য উৎপাদন এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।