অক্টোবর ১৩, ২০২৬ ১১:৫৭

সোনাগাজীতে ২৬ মামলার পলাতক আসামি: নিজাম ডাকাত গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি : সোনাগাজীতে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ ২৬ মামলার পলাতক এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম নিজাম উদ্দিন ওরফে নিজাম ডাকাত (৫০)।
পুলিশ বলছে, তিনি পেশাদার ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ডাকাত সর্দার। গতকাল সোমবার সকালে উপজেলার কারামতিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের আদর্শ নগর এলাকার অজি উল্যাহ মাঝির ছেলে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর কোম্পানীগঞ্জের চর ফকিরা এলাকার ডাকাত সর্দার নিজাম উদ্দিন নিজ এলাকায় এসে অবস্থান নেয়। পরে থানা পুলিশের ধাওয়া খেয়ে গত রোববার রাতে সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের কারামতিয়া বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়।
সোমবার সকালে আবারও অন্যত্র চলে যাওয়ার সময় তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারামতিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও মাদক বিক্রির অভিযোগে ২৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!