অক্টোবর ১৪, ২০২৬ ১৭:০৭

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা


নোয়াখালী প্রতিনিধি : জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, তার স্ত্রী আখতার জাহান বকুল ও ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে সব মিলিয়ে ৩কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৯৫াকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে।
গত ১২অক্টোবর নোয়াখালীতে অবস্থিত দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো রুজু করা হয়। ৩টি মামলারই বাদী হয়েছেন দুদকের উপ সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী।
দুদকের এজাহার সূত্রে জানা যায়, প্রথম মামলায় সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে ১কোটি ১৯লাখ ৯৬ হাজার ৯শ ৫০টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধান শেষে তার নামে ২কোটি ৩৭লাখ ৭৪হাজার ৭শ ৪ টাকার মোট নিট সম্পদ পাওয়া যায়। যার বিপরীতে বৈধ আয়ের উৎস মেলে ১কোটি ৫৫লাখ ৮৮ হাজার ১শ ৪টাকার। ১৯৯৯ থেকে ২০২৪সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে পৌর মেয়রের দায়িত্বে থাকাকালীন তিনি অবৈধভাবে এসব সম্পদ অর্জন করেন।
দ্বিতীয় মামলায় কাদের মির্জার স্ত্রী গৃহিণী আখতার জাহান বকুলের বিরুদ্ধে ১কোটি ৫০লাখ ৮৩হাজার ৪শ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক। এজাহারে বলা হয়, মূলত স্বামী আবদুল কাদের মির্জার সহায়তায় ও পরস্পর যোগসাজশে তিনি এই বিপুল সম্পদের মালিক হয়েছেন। এ মামলায় কাদের মির্জাকেও আসামি করা হয়েছে।
তৃতীয় মামলাটি দায়ের করা হয়েছে কাদের মির্জার ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ৮১লাখ ৭৩ হাজার ৭শ ৪৫টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদের প্রমাণ মিলেছে। তিনি একজন শিক্ষার্থী হওয়া সত্ত্বেও বসুরহাট বাজারে তার নামে একটি রড-সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানে ৮৫লাখ ৪০হাজারা টাকার বিনিয়োগ পাওয়া যায়। যার প্রাথমিক পুঁজির কোনো সুনির্দিষ্ট উৎস পাওয়া যায়নি। বাবার সহায়তায় অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় এই মামলাতেও কাদের মির্জাকে সহযোগী আসামি করা হয়েছে।
দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং দন্ড বিধির ১০৯ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে। অনুসন্ধানে আর কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!