দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা পৌরসভার উদরাজপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২০পিস ইয়াবা ও ৬বোতল বিলাতি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইউচুফ কানন (৩৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাগনভূঞা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা থানাধীন পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের উদরাজপুর এলাকায় জমানাওয়ার নামের একটি দোতলা ভবনের দ্বিতীয় তলার পাঁচ কক্ষবিশিষ্ট একটি বসতঘরে অভিযান পরিচালনা করে ডিএনসি ফেনীর একটি অভিযানিক দল।
অভিযানে ২০পিস ইয়াবা ও ৭শ ৫০মিলিলিটার ধারণক্ষমতার ৬ বোতল বিলাতি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ ৪দশমিক ৫লিটার।
অভিযুক্ত মোহাম্মদ ইউচুফ কানন (৩৩) দাগনভূঞা পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের বেতুয়া এলাকার আব্দুল লতিফ হাজী বাড়ির মৃত বদিউজ্জামানের ছেলে। তার মায়ের নাম আলেয়া বেগম। তিনি বর্তমানে দাগনভূঞা পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের উদরাজপুর এলাকার জমানাওয়ারে বসবাস করেন।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে দাগনভূঞা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যাক্তিকে দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, জেলায় মাদক নিয়ন্ত্রণে আমরা সব সময় প্রস্তুুত রয়েছি মাদক প্রাচার ও বিক্রির খবর পেলে দ্রুত ব্যাবস্থা গ্রাহন করছি।