ফুলগাজীতে আ’লীগের হারানো সাম্রাজ্য
এখন বিএনপি নেতা হোসেনের কব্জায়
* সীমান্তের মাদক-চোরাচালানের একক নিয়ন্ত্রক
* হোসেনের দাপটে কোনঠাসা ত্যাগীরা
* দ্বিধাবিভক্ত উপজেলা বিএনপি
শহীদুল ইসলাম :
প্রায় ১৪ কিলোমিটার ভারতীয় সীমান্ত ঘেঁষা ১শ ৪দশমিক ৯২বর্গ কিলোমিটারের উপজেলা ফুলগাজী। ৬টি ইউনিয়ন ও ৮৭টি গ্রাম নিয়ে গড়ে উঠা ফুলগাজী উপজেলার একসময় একচ্ছত্র নিয়ন্ত্রক ছিলেন যথাক্রমে প্রয়াত আ’লীগ নেতা একরামুল হক একরাম ও মো. হারুন মজুমদার। ২জনই ছিলেন উপজেলার সাবেক চেয়ারম্যান। বিশেষ করে একরামের মৃত্যুর পর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. হারুন মজুমদারের নেতৃত্বে ফুলগাজী সীমান্ত জেলার মাদক-চোরাচালান ও মানব পাচারের নিরাপদ রুট ছিলো। তাদের দীর্ঘ ক্ষমতাকালে তৈরি হয় বিশাল সিন্ডিকেট। বলা হয়, এসব সিন্ডিকেটসহ উপজেলা ও জেলার নিয়ন্ত্রণ নিয়েই খুন হয় প্রয়াত আ’লীগ নেতা একরামুল হক একরাম।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সারাদেশের মত এ উপজেলার নিয়ন্ত্রণেরও হাত বদল হয়। একসময় আ’লীগ নেতাদের নিয়ন্ত্রণে থাকা সে এলাকা এখন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার একচ্ছত্র নিয়ন্ত্রণে। সীমান্তের মাদক-চোরাচালানের একক নিয়ন্ত্রন এখন তার হাতে। আবার বেশকিছু এলাকায় পুরাতন সিন্ডিকেট বহাল থাকলেও সেসবের আশ্রয়-প্রশ্রয়দাতাও এখন হোসেন। শুধু মাদক কিংবা চোরাচালানের মধ্যেই সীমাবদ্ধ নেই হোসেন। দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যসহ অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। উপজেলার ৬ইউনিয়নে হোসেন তার অনুসারীদের দিয়ে এসব অপকর্ম নিয়ন্ত্রণ করে থাকেন। তার এসব অপকর্ম ও প্রভাব বিস্তারে অনেকটা কোনঠাসা দলটির অনেক ত্যাগী নেতাকর্মী। আবুল হোসেন ভূঁইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ছাড়াও পূর্বে সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
এদিকে আধিপত্য নিয়ে দ্বিধাবিভক্ত ফুলগাজী উপজেলা বিএনপি। একদিকে উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে রয়েছে একটি গ্রুপ। অপরদিকে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার গোলাপ এর নেতৃত্বে রয়েছে আরেকটি গ্রুপ। এরমধ্যে আহবায়ক স্বপনকে হাতে রেখে পুরো উপজেলা অনুসারীদের দিয়ে নিয়ন্ত্রণ করেন আবুল হোসেন। বিশেষ করে উপজেলার মাদক-চোরাচালান এর একক নিয়ন্ত্রণ তার হাতে। তার অনুসারীদের দিয়ে উপজেলার ৪টি ইউনিয়নের অন্তত ১২ থেকে ১৫টি পয়েন্টে চলে মাদক-চোরাচালান। তবে মাদক চোরাচালান বা কোনো অপরাধে স্বপনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
বলা যায়, উপজেলার মাদক-চোরাচালান নিয়ন্ত্রণ যার হাতে, উপজেলার ক্ষমতার নিয়ন্ত্রণও তার হাতে। বিশেষ করে ফুলগাজী সদর, মুন্সিরহাট, আমজাদহাট ও আনন্দপুর ইউনিয়ন এর সীমান্তে মাদক-চোরাচালান তিনি নিয়ন্ত্রণ করে থাকেন। এরমধ্যে আনন্দপুরের কিছু অংশে গোলাম রসুল মজুমদার গোলাপ এর অনুসারীরাও নিয়ন্ত্রণ করেন। বাকি সব ইউনিয়নে তার অনুসারীরা অনেকটা কোনঠাসা। এছাড়া দরবারপুর ও জিএমহাট ইউনিয়নেও হোসেনের অনুসারীরাই বিভিন্ন অপকর্ম ও মাদক কারবার নিয়ন্ত্রণ করে থাকেন।
স্থানীয় বাসিন্দা ও একাধিক গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, সীমান্ত ঘেঁষা উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে ৩ ইউনিয়ন দিয়ে সবচেয়ে বেশি মাদক ও চোরাচালান এসে থাকে। এগুলো হলো ফুলগাজী সদর, আমজাদ হাট ও মুন্সিরহাট ইউনিয়ন। তবে এসব ইউনিয়নে বেশকিছু এলাকায় মাদক ও চোরাচালান এখনো পুরোনো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে থাকেন। একসময় তাদের হর্তাকর্তা কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নেতারা থাকলেও এখন বিএনপি পরিচয়ধারীরাই তাদের আশ্রয়-প্রশ্রয় দেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ফুলগাজী সদর ইউনিয়ন সরাসরি হোসেন নিয়ন্ত্রণ করে থাকেন। তার বেশকিছু অনুসারীদের মাধ্যমে তিনি এসব এলাকা নিয়ন্ত্রণ করেন। পাশাপাশি তার সরাসরি প্রভাব রয়েছে মুন্সিরহাটেও। এ দুই ইউনিয়নে মাদক-চোরাচালান নিয়ন্ত্রণে তার সহযোগী হিসেবে কাজ করেন তার ভাতিজা হিসেবে পরিচিত উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন জীবন। তিনি সীমান্ত থেকে শুরু করে উপজেলা পার হওয়া পর্যন্ত নিজের লোকদের দিয়ে পাহারা বসিয়ে এসব মাদক-চোরাচালান পার করে থাকেন। কোন রুট দিয়ে যাবে, বিজিবি কখন আসবে, কোন রুটে নিরাপদ -এসব তিনি তদারকি করে থাকেন। এরজন্য তার অন্তত ৫০জন লোক কাজ করে থাকে। আবার পুলিশ ও বিজিবিকে ম্যানেজ করার দায়িত্বও তার হাতে।
এছাড়া ফুলগাজী সদরে তার একনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত আমান উল্লাহ মনির প্রকাশ মনির মাষ্টারও এসব নিয়ন্ত্রণ করেন। এরমধ্যে সদর ইউনিয়ন এর গাবতলা ও মনতলার একক নিয়ন্ত্রণ মনিরের হাতে। মনিরকে দিয়ে হোসেন সেখানকার মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ করে থাকেন। সদর ইউনিয়নে মাদক ও চোরাচালানে হোসেন এর সহযোগী হিসেবে আরও উঠে এসেছে ইউনিয়ন বিএনপির সাধারণ-সম্পাদক ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মোস্তফা পিনুর নামও। তারাও হোসেনের বিশ্বস্ত হিসেবে এসবে তদারকি ও নিয়ন্ত্রণ করেন।
এছাড়া মুন্সিরহাট ইউনিয়ন নিয়ন্ত্রণ করেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবদুল কাদের জিলানী। তিনি মাদক ও চোরাচালান ছাড়াও ইউনিয়নে মাটি ও বালু ব্যবসারও নিয়ন্ত্রণ করেন। স্থানীয়দের মুখে উঠে এসেছে ফুলগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালামের নামও। তিনিও সেখানে হোসেনের সহযোগী হিসেবে এসব নিয়ন্ত্রণে কাজ করেন। আমজাদহাট ইউনিয়নে এসবের নেতৃত্বে উঠে এসেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত আলীর নাম। তিনি সেখানে সীমান্তের মাদক, চোরাচালান ও মানব পাচার নিয়ন্ত্রণ করেন। এছাড়া সেখানে পেয়ার আহমেদ নামে আরেকজনের নামও উঠে এসেছে। অন্যদিকে আনন্দপুরে ২গ্রুপ তথা হোসেন ও গোলাপ এর অনুসারীরা মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ করেন। হোসেন এর অনুসারী হিসেবে সাইফুল মজুমদার আর গোলাপের অনুসারী হিসেবে নির্দিষ্ট নেতৃত্বদাতা কারো নাম না আসলেও ছোটখাটো পর্যায়ের অনেক নেতাকর্মী রয়েছে বলে স্থানীয়রা জানান।
একাধিক সূত্র জানায়, আনন্দপুর ইউনিয়নে হোসেন তার অনুসারীদের দিয়ে বালু উত্তোলন ও মাটি ব্যবসার নিয়ন্ত্রণ করেন। এদিকে গোলাম রসুল মজুমদারেরও প্রভাব থাকায় ২গ্রুপে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে নিজেদের মত করে মাদক-চোরাচালান নিয়ন্ত্রণ করেন। এছাড়া উপজেলার দরবারপুরেও গোলাম রসুল মজুমদার গোলাপের কিছু অনুসারীও মাদক কারবার নিয়ন্ত্রণ করেন বলে একাধিক সূত্র জানায়।
দখল ও চাঁদাবাজির মহোৎসব
দখল ও চাঁদাবাজির অসংখ্য অভিযোগ আবুল হোসেনের বিরুদ্ধে। ফুলগাজীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া অভিযোগ রয়েছে ফুলগাজী বাজারে সড়কে বসা অস্থায়ী দোকান থেকে লোকজন দিয়ে চাঁদা নেয়ারও।
অনুসন্ধানে জানা যায়, ২০২৩সালের মাঝামাঝি সময়ে ফুলগাজী সরকারি কলেজ দিঘি ৫বছরের জন্য ইজারা নেন এ ইউনিয়নেরে পলাতক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আ’লীগ নেতা মো. সেলিম। ২০২৪সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট তার পলায়নের পর সে দীঘি থেকে ৬০ থেকে ৭০লাখ টাকার মাছ লুট করে নিয়ে যান হোসেন। সে সময় রাতের আঁধারে এসব মাছ তার লোকজন দিয়ে লুট করা হয়। ২০২৮সাল পর্যন্ত সেলিমের সাথে ইজারার চুক্তি থাকলেও পরে হোসেন তা দখল করে নেয়। এ বিষয়ে মো. সেলিমের ঘনিষ্ট সূত্রের দাবি, দীঘি ২০২৮সাল পর্যন্ত চুক্তি অনুযায়ী তার কাছে ইজারা রয়েছে। ৫আগস্টের পর হোসেন ৬০ থেকে ৭০লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়।
এদিকে কলেজ প্রশাসনের দাবি, সেলিম চলে যাওয়ার পর হোসেনকে নতুন অর্থ বছরে ইজারা দেয়া হয়। কলেজ অধ্যক্ষ মো. লোকমান ভূঁইয়া ফেনীর সময়কে বলেন, ‘সেলিম পালিয়ে যাওয়ার পরের বছর নতুন অর্থবছর আসলে হোসেনকে ইজারা দেয়া হয়।’
হোসেন এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে চাঁদাবাজিরও। হোসেন ফুলগাজী বাজারে তাহের স’মিলের স্বত্বাধিকারী কাজী মোহাম্মদ আবু তাহের থেকে ২০লাখ টাকা চাঁদা নেন বলে অভিযোগ রয়েছে। আ’লীগ থাকাকালীন তাহেরের ছেলে হোসেনকে মারধর করছে দাবি করে ভয় দেখিয়ে এসব চাঁদা নেয়া হয় বলে মধ্যস্থতাকারী ও তার পরিবারের একাধিক সূত্র ফেনীর সময়কে নিশ্চিত করেছে।
তবে পরিবারের একাধিক লোক টাকার অঙ্ক কত সে বিষয়ে তারা এড়িয়ে যান। তাদের দাবি তাহের ৫মাস পূর্বে মারা যাওয়ায় টাকার পরিমান তিনি বলে জাননি। তবে হোসেন ও তাহের এর মধ্যে লেনদেনে মধ্যস্থকারীরা ২০লাখ টাকা বলে দাবি করেছেন।
এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান এর ফুলগাজী সফর ঘিরেও করা হয়েছে চাঁদাবাজি। সেখানেও অভিযোগের তীর হোসেনের দিকে। এ বিষয়ে অনেকের সাথে যোগাযোগ করা হলেও কেউই কথা বলতে রাজি হয়নি। তবে একাধিক সূত্র ফেনীর সময়কে জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে অনেকের থেকে বিশেষ করে বিভিন্ন ব্যবসায়ী থেকে বিভিন্ন অঙ্কের চাঁদা নেয়া হয়েছে। এক ব্যবসায়ীর নিকট চাঁদা দাবির পর সে ১৫হাজার টাকা দিতে চাইলে তা না মানায় ২০হাজার টাকা দিতে হয়েছে। এভাবে নামে-বেনামে বিভিন্ন ব্যবসায়ী থেকে চাঁদা নিয়েছেন হোসেন।
হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ফুলগাজী বাজারের রেললাইন ও বিভিন্ন সড়কে বসা অস্থায়ী দোকান থেকে চাঁদা নেয়ারও। বিভিন্ন মাধ্যমে তিনি এসব চাঁদা লোকজন দিয়ে নিয়ে থাকেন। এরমধ্যে কোন কোন দোকানের সামনে সিসি ক্যামেরা থাকলে সেসব দোকান এড়িয়ে যান। তবে না বুঝতে তিনি মাঝে মাঝে কোনো রিক্সাচালক আবার কোনো শ্রমিক দ্বারা এসব চাঁদা নেন।
মনতলা-গাবতলার নিয়ন্ত্রক
কে এই মনির মাষ্টার

আমান উল্লাহ মনির প্রকাশ মনির মাষ্টার ফুলগাজী সদর ইউনিয়নের মাদক ও চোরাচালানের গুরুত্বপূর্ণ স্পট গাবতলা ও মনতলার একক নিয়ন্ত্রক। তিনি আবুল হোসেনের একনিষ্ঠ অনুসারী। হোসেন তাকে দিয়ে এ এলাকার মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ করেন। মনির ইউনিয়ন বিএনপি নেতা হিসেবে পরিচিত ও হাজী আমির হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
অনুসন্ধানে জানা যায়, গত ১৪সেপ্টেম্বর ভোরে ইউনিয়নের দক্ষিন সোনাপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আসে। এসব মালামাল ভর্তি পিকআপ আলাউদ্দিনের দোকান পর্যন্ত আসলে বৃষ্টির কারণে কাদায় আটকে পড়ে। এতে বিপাকে পড়ে পিকাআপটি। তাৎক্ষণিক আরেকটি পিকাআপের ব্যবস্থা করেন তারা। ততক্ষণে বিষয়টা আশপাশে জানাজানি হয়ে গেলে স্থানীয় অনেকে বাধা দেন। এছাড়া তখন বিজিবির একটি দল এসে পিক-আপ চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বলে জানান।
স্থানীয়দের দাবি, তারা পিকআপ আটক করতে গেলে মনির মাষ্টার তাদের বাধা দেন এবং ভয়ভীতি দেখান। এছাড়া বেশ কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে তাদের ও তাদের পরিবারকেও হুমকি ধমকি দেন মনির মাষ্টার।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ফেনীর সময়কে বলেন, ‘দক্ষিণ সোনাপুর, গাবতলা ও মনতলা এসব এলাকা মূলত মনির মাষ্টার দেখে থাকেন। আপনি (প্রতিবেদককে) যে আসছেন সে তথ্য তাদের কাছে চলে যাবে। আপনি আমার সাথে কথা বলার বিষয়টিও চলে যাবে।’ পাশে থাকা আরেকজন বলেন, ‘আমরা কারো সাথে কথা বললে তা তাদের কাছে চলে যায়। আপনার সাথে কথা বললেও তা চলে যাবে।’
এ বিষয়ে জানতে চাওয়া হলে মনির মাষ্টার ফেনীর সময়কে বলেন, এসব অভিযোগ আমার জানা নেই। যেসব অভিযোগ জানছেন, আপনি প্রকাশ করেন। আমি কে এখনো তা জানেন না। আমি মনির মাষ্টার বলে তিনি মুদ্রণ অযোগ্য ভাষায় গালাগাল করে প্রতিবেদককে বলেন, একবার করে দেখেন। পরে আমি দেখে নিবো।’
বিজিবি ক্যাম্পের দু’পাশেই চলে
মাদক-চোরাকারবার, থাকে নজরদারি
ফুলগাজী সদর ইউনিয়নের মনতলা, গাবতলা ও দক্ষিণ সোনাপুর। এ ৩টি গ্রামের মাঝে দক্ষিণ সোনাপুরে রয়েছে বিজিবি ক্যাম্প। এর দুই পাশ দিয়ে আসে মাদক ও চোরাচালান। বিশেষ করে ভারতীয় মদ, গাঁজা, চিনি ও শাড়ি এ সীমান্ত দিয়ে এসে থাকে।
অনুসন্ধানে জানা যায়, একদিকে মনতলা হয়ে ও অন্যদিকে দক্ষিণ সোনাপুর দিয়ে এসব অবৈধ মালামাল আসে। এরমধ্যে মনতলার সমসের কোনা ও বড় বাড়ী কবরস্থান দিয়ে ভাসানীর দোকান হয়ে ও অন্যদিকে দক্ষিণ সোনাপুরের গাবতলা মজুমদার পাড়া ও এর আশপাশ এলাকা দিয়ে আসে। আবার এসব এলাকা থেকে অর্থাৎ মনতলা ও গাবতলা থেকে সোনাপুর হয়ে, নীলক্ষ্মী, শ্রীপুর ও ফুলগাজী বাজারের আশপাশ হয়ে ফেনী-পরশুরাম সড়ক হয়ে ফেনীতে আসে। আবার ফেনী থেকে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। এসব এলাকায় নিরাপদে পার করে দেয়ার পিছনে কাজ করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন জীবন, ইউনিয়ন বিএনপির সাধারণ-সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মোস্তফা পিনু।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাবতলা সড়কের মোড়ে অনেক্ষন পথ ধরে হাঁটলে ভাসানীর দোকান। ভাসানীর দোকান থেকে সোজা ভিতরে গেলে মসজিদ, আবার কিছুটা যাওয়ার পর বিজিবি ক্যাম্প। আশপাশের বাসিন্দাদের সাথে কথা বলার চেষ্টা করা হলে কেউই কথা বলতে রাজি হয়নি। ভাসানীর দোকান থেকে ডানে ৩শ গজ ভিতরে গেলে কথা হয় ৩ প্রবীণ ব্যক্তির সঙ্গে। তারা আড্ডা দিচ্ছিলেন। প্রথমে ভয়ে কথা বলতে রাজি না হলেও পরে জানান কিভাবে এসব মালামাল নিয়ে আসা হয়। তারা জানান, বেশিরভাগ মালামাল ফজরের নামাজের আগে বা পরে নিয়ে যায়। নামাজে যাওয়ার সময় তারা নিজেরা দেখতে পান।
একজন ফেনীর সময়কে জানান, এইতো দুইদিন পূর্বে নামাজে যখন যাচ্ছি তখন সিএনজি করে নিয়ে যাচ্ছিলো। এর কয়েক মিনিট পর বিজিবি পিছে পিছে গিয়েছিলো।
সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, এলাকার অনেকে এখানে সাধারণত বাহক হিসেবে কাজ করেন। মূল নিয়ন্ত্রকরা সেখানে যান না। বাহকরা বিভিন্ন অঙ্কের টাকার বিনিময়ে এসব মালামাল পার করে নিয়ে আসেন। এরমধ্যে এসব এলাকার অনেকের আয়ের একমাত্র উৎসই হলো চোরাই মালামাল পারাপার। বস্তা প্রতি বাহককে ৫শ টাকা করে দেয়া হয় বলে একাধিক বাসিন্দা জানান। তারা জানান, এদের অনেকে অর্থের লোভে এসবে জড়ান। তাদের দাবি, এসবে বিজিবির অসাধু সদস্যগণও জড়িত থাকতে পারে। আবার বিজিবি যেখান দিয়ে টহল দিবে তা আগে তারা জেনে যায়। এতে মাদক ও চোরাকারবারিরা ওই পথ এড়িয়ে যায়।
সদর ইউনিয়নের গাবতলা, মনতলা ও দক্ষিণ সোনাপুরে এসব মাদক ও চোরাচালানের সাথে আমান উল্লাহ মনির প্রকাশ মনির মাষ্টার ছাড়াও আরো বেশকিছু নাম উঠে এসেছে। যারা হোসেন এর অনুসারী। এরমধ্যে বেশি শোনা গেছে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কফিল উদ্দিন পাটোয়ারীর নাম। একটি সূত্র জানায়, মনতলা এলাকার সিন্ডিকেটের মূলত হোতা কফিল। এছাড়া সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মিলন এবং তার স্ত্রী (চোরাচালানের মামলায় কারাবন্দি), গাবতলা এলাকার মনসুর, মো. খোকন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ-সম্পাদক মো. রফিক, খালেক, নীলক্ষ্মীর শাহীন ও শাহজালাল কামরুলের নাম উঠে এসেছে। উঠে এসেছে শিমুল, জাবেদ, সজল হোসেন, ইমন ও গাবতলার জাহাঙ্গীর ভূঁইয়া নামে আরো ৫জনের নামও। জাবেদ ও শিমুল বিশেষ করে পরশুরাম থেকে আসা মাদক ও চোরাচালান পার করে দেয়ার দায়িত্বে থাকে বলে একাধিক সূত্র ফেনীর সময়কে নিশ্চিত করেছে। এ সংক্রান্ত বেশ কয়েকটি কল রেকর্ড ফেনীর সময় এর হাতে এসেছে।
মুন্সিরহাটের নিয়ন্ত্রণ
যাদের হাতে
ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পশ্চিমে ভারত সীমান্ত। নোয়াপুর, কামাল্লা, বদরপুর ও জাম্মুড়া সীমান্ত ঘেঁষা এ ৪ গ্রাম মাদক-চোরাচালানের উপজেলার অন্যতম আরেক নিরাপদ রুট বিশেষ করে জাম্মুড়া, বদরপুর ও পৈথারা দিয়ে সবচেয়ে বেশি অবৈধ মালামাল এসে থাকে। সেখানে একাধিক সিন্ডিকেট রয়েছে। এর মধ্যে আ’লীগের সময় তৈরি সিন্ডিকেট যেমন রয়েছে, তেমনি তৈরি হয়েছে নতুন সিন্ডিকেটও ঘুরেফিরে। এসব সিন্ডিকেটের আশ্রয়দাতা উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন। তার অনুসারীরা এসব সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে থাকেন। অনেক সময় বিশেষ প্রয়োজনে বাধা আসলে সরাসরি হস্তক্ষেপ করেন তিনি।
অনুসন্ধানে জানা যায়, মুন্সিরহাট ইউনিয়নে বেশ কয়েকটি সিন্ডিকেট মাদক-চোরাচালানের নিয়ন্ত্রণ করে থাকে। এদের আশ্রয়-প্রশ্রয়দাতাও আবুল হোসেন। এ ইউনিয়ন মূল নেতৃত্বদাতা হিসেবে উঠে এসেছে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবদুল কাদের জিলানীর নাম। সে হোসেনের অনুসারী। সীমান্ত থেকে পুরাতন মুন্সিরহাট ও মুন্সিরহাট থেকে ফুলগাজী পার হওয়া পর্যন্ত পুরাটা জিলানী তদারকি করেন। এরমধ্যে বদরপুর ও জাম্মুড়া সীমান্তে একটি সিন্ডিকেট জিলানী সরাসরি নিয়ন্ত্রণ করেন। সেখানে জিলানী ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফরিদ ও সাধারণ-সম্পাদক বেলালের মাধ্যমে এসব নিয়ন্ত্রণ করেন। জিলানী মাদক-চোরাচালানের নিয়ন্ত্রণ ছাড়াও মুন্সিরহাটের মাটি ব্যবসার সাথেও জড়িত। মুন্সিরহাটে মাদক-চোরাচালান ও মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালামের নামও উঠে এসেছে। তিনিও হোসেনের অনুসারী। উঠে এসেছে ফরিদ আহম্মেদ ও আব্দুল মতিন নামে আরও ২জনের নামও। এরাও হোসেনের অনুসারী। তারা বদরপুর এলাকা নিয়ন্ত্রণ করেন।
এছাড়া অনুসন্ধানে মাদক-চোরাচালান, মাদক ব্যবসায়ী ও মাদক কারবারি হিসেবে অন্তত ১৫ থেকে ২০ জনের নাম উঠে এসেছে। এদের অনেকে আবার পাশের দরবারপুরেও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করেন। তারা হলেন ইউনিয়ন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদ্দাম, দক্ষিণ শ্রীপুরের বেছা মিয়ার ছেলে বাবু, ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি আবু হোসেন, কালামিয়া প্রকাশ কামাল, খায়ের মিয়ার ছেলে ইব্রাহীম, আবদুর রহমানের ছেলে মোহসিন, মুন্না, মিয়া ড্রাইভারের ছেলে মনসুর, দ্বীন মোহাম্মদ, দক্ষিণ শ্রীপুরের ইউছুপ ও উত্তর শ্রীপুরের হাসেম মিয়ার ছেলে সেলিম। এরমধ্যে মনসুর উত্তর পৈথারা ওয়ার্ড আ’লীগের সাধারণ-সম্পাদক। এছাড়া মুসা মিয়া, যুবলীগ নেতা সোহাগ, দক্ষিণ তারানিয়ার সিএনজি চালক ফরিদ, একই গ্রামের রাব্বির নামও উঠে এসেছে। এরমধ্যে ওয়ার্ড আ’লীগের সাধারণ-সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ ও ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক শাহজাহান সাজু অন্যতম নিয়ন্ত্রকও। শাহজাহান সাজু হোসেন এর অনুসারী। আর নুর মোহাম্মদ হোসেন ও গোলাপ ২জনকে ম্যানেজ করে এসব নিয়ন্ত্রণ করেন। শাহাজাহান সড়কে মাদক ও চোরাচালান পারাপারে নিরাপত্তাও নিশ্চিত করে থাকেন। এসবের বিনিময়ে কমিশন নেন শাহাজাহান। শাহাজাহান অস্ত্র ও ডাকাতি মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত আসামিও। এখানে বিশেষ করে গোয়েন্দা সংস্থার একটি তালিকায় আবদুল কাদের জিলানী, শাহাজাহান সাজু, সাদ্দাম, বদরপুরের বেলাল ও মনসুরের নাম রয়েছে বলে একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে। বেলাল বদরপুরে আবদুল মতিনের সহযোগী হিসেবে এ এলাকার দায়িত্বে রয়েছেন।
এছাড়া দরবারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মো. হেলালের নামও উঠে এসেছে। হেলাল দরবারপুরের পাশাপাশি মুন্সিরহাটের মাদক ব্যবসাও দেখে থাকেন।
মুন্সিরহাটে মাদক-চোরাচালান ও মাদক ব্যবসার সাথে জড়িত হিসেবে ইউনিয়ন ছাত্রদল নেতা মো. দিদার, পিন্টু, পিয়াস, আ’লীগ নেতা জানু, মান্দারপুরের মো. রহিম রনি, শুভ, মো. শফিক ও বদরপুরে বিএনপির মোস্তফা খাজুর নামও উঠে এসেছে।
আমজাদহাটের নিয়ন্ত্রক কারা
১২টি গ্রাম ও ৪ টি হাট-বাজার নিয়ে গঠিত উপজেলার আমজাদহাট ইউনিয়ন। সীমান্তবর্তী এ ইউনিয়ন মাদক-চোরাচালানের অন্যতম নিরাপদ রুট। ইউনিয়নের উত্তর তারাকুচা, দক্ষিণ তারাকুচা, ফেনাপুষ্করণী, ঋষ্যমুখ, হাড়ী পুষ্করণী, বসন্তপুর, খেজুরিয়া ও দেবীপুর সীমান্ত মাদক ও চোরাচালান ওপেন সিক্রেট। সেখানেও উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেনের অনুসারীরা সীমান্ত এলাকার মাদক-চোরাচালান নিয়ন্ত্রণ করেন। সেখানে অন্যতম নিয়ন্ত্রক হিসেবে উঠে এসেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত আলীর নাম। তিনি হোসেনের অনুসারী ও আমজাদহাটের অন্যতম নিয়ন্ত্রক। অনেকে তাকে মাদক-চোরাচালানের গডফাদারও বলে থাকেন। এছাড়া নিয়ন্ত্রক হিসেবে এলাকাভিত্তিক অনেকের নামও উঠে এসেছে।
আবার ইউনিয়নে তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে ইউনিয়ন সাধারণ সম্পাদক বাহার উদ্দিনের নাম অনেকের মুখে। বাহারও হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। উঠে এসেছে ইউনিয়ন যুবদলের আহবায়ক দিদার চৌধুরী, যুগ্ম-আহবায়ক সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহেল এর নামও। তারা শুধু মাদক চোরাচালান নয়, গরু চোরাচালানও করে থাকে।
অনুসন্ধানে আমজাদহাট ইউনিয়নে মাদক-চোরাচালানের নিয়ন্ত্রক ও মাদক ব্যবসায় জড়িত এমন অনেকের নাম ফেনীর সময় এর হাতে এসেছে। এরমধ্যে অনেকে আ’লীগের সময়ে তৈরি সিন্ডিকেটের তারাও এখন বহাল তবিয়তে এসব নিয়ন্ত্রণ করেন। তৈরি হয়েছে নতুন সিন্ডিকেটও। এখানে মাদক চোরাচালান প্রশ্নে দলীয় ভেদাভেদ তুচ্ছ মনে করেন কারবারিরা। এরমধ্যে উত্তর-দক্ষিণ তারাকুচা, খেজুরিয়া ও বসন্তপুর এলাকা নিয়ন্ত্রণ করেন সাবেক ইউপি সদস্য রহিম মেম্বার, মীরু মেম্বার, ইয়াসিন মেম্বার, আ’লীগ নেতা পেয়ার আহাম্মদ ও সিএনজি চালক লিটন। লিটন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপুর ভাই। সে আ’লীগের সময় মাদক ও চোরাচালানে জড়িত ছিলেন। তখন তার আরেক ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরুর প্রশ্রয়ে এসব করতেন। এখন অপর ভাই বিএনপির সাংগঠনিক-সম্পাদক আনোয়ার হোসেন টিপুর প্রশ্রয়ে মাদক ও চোরাচালানের নিয়ন্ত্রক। অর্থাৎ ২ভাইয়ের দাপটে ক্ষমতার পালাবদলে তার নিয়ন্ত্রণে ভাটা পড়েনি। এছাড়া আ’লীগ নেতা পেয়ার আহম্মদ এখনও দাপিয়ে এসব নিয়ন্ত্রণ করেন।
এছাড়া খেজুরিয়া, বসন্তপুর, তারাকুচা, ফেনাপুষ্করণী, ঋষ্যমুখ ও হাড়ী পুষ্করণী এলাকায় মাদক-চোরাচালানে জড়িতদের মধ্যে বসন্তপুরের আ’লীগ নেতা জামাল আহমদ, তার ভাই গুড়ি কামাল, হাড়ী পুষ্করিণীর সাইফুল ইসলাম শান্ত, জাহাঙ্গীর আলম, সোহাগ আহাম্মদ ও তার ছেলে শাহীন, বসন্তপুরের বেলাল আহাম্মদ ও তার ছেলে মো. রিপন, বসন্তপুরের জামাই টিলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. লিটন, লিটনের ভাতিজা সাইফুল ইসলাম কালা ও হাড়ী পুষ্করিণীর খায়ের আহম্মদের ছেলে মনির আহাম্মদ প্রকাশ ফার্ণিচার মনির এর নাম জানা গেছে।
এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যাক্তি জানান, উপরোক্ত ব্যক্তিগন এলাকার মাদক-চোরাচালানে জড়িত। বিশেষ করে রাতে তারা এসব পারাপার করেন। বাধা দেয়ায় বেশ কয়েকজনের উপর হামলা হয়েছে বলেও তারা জানান।
অনুসন্ধানে আরও জানা যায়, এলাকাভিত্তিক নিয়ন্ত্রক মূলত মীরু মেম্বার, রহিম উল্লাহ ও ইয়াসিন মেম্বার। এরমধ্যে রহিম উল্লাহ বিএনপি থেকে বহিস্কৃত বলে জানা যায়। এদের নেতৃত্বদাতা হলেন লিয়াকত আলী।
এছাড়া ১৮জনের নাম সম্বলিত বিশেষ সংস্থার একটি তালিকা ফেনীর সময় এর হাতে এসেছে। এখানে বসন্তপুরের মৃত নানা মিয়া মজুমদারের ছেলে গুটি কামাল, জামাল ও কাশেম। তারা ৩ ভাই বসন্তপুর সীমান্তে মাদক-চোরাচালানে জড়িত। এছাড়া আরও রয়েছেন বসন্তপুরের আলী নেওয়াজের ছেলে ইসমাইল, মৃত নুরুল হকের ছেলে মিরু মেম্বার ও তার ছেলে রাব্বি, গাচিকোনার কেশু ভেন্ডারের ছেলে মহিউদ্দিন ও মোশাররফ, একই গ্রামের রহমতুল্লাহর ছেলে কালা, বসন্তপুরের বেলাল হোসেনের ছেলে রিপন, জামাই টিলার আনোয়ারের ছেলে লিটন, সেলিমের ছেলে কালা, মৃত জলিল মিস্ত্রির ছেলে শিমুল ও শান্ত সাইফুল, হাড়ী পুষ্করণী মৃত খায়েজ আহমেদের ছেলে ফার্ণিচার মনির, করিম মন্দারের ছেলে জাহাঙ্গীর, একই গ্রামের সোহাগ ও সোহাগের ছেলে শাহীন।
মানবপাচারের নিরাপদ
রুটও আমজাদহাট
ফুলগাজীর আমজাদহাট ইউনিয়ন মানবপাচারের আরেক নিরাপদ রুট। বিশেষ করে ইউনিয়নের বসন্তপুর সীমান্ত দিয়ে মানবপাচার করা হয়। অনুসন্ধানে জানা যায়, ফেনী ও আশপাশের জেলা থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারত এবং ভারত থেকে বাংলাদেশ দালাল চক্রের মাধ্যমে যাওয়া-আসা করে। বাংলাদেশ থেকে ভারত এবং ভারত থেকে বাংলাদেশে আসার জন্য অবৈধ পথে সীমান্ত পার করে দেয়ার বিনিময়ে টাকা দিতে হয়। সেখানে আড়াই-তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। আর যদি কোন অপরাধী হয় তাহলে সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত দিতে হয়।
স্থানীয়রা জানান, যারা যাবে তাদের জন্য কাঁটাতারের ওপাশে দালালদের একটি দল থাকে। আর এপাশ থেকে দালালদের আরেকটি চক্র পার করে কাটাতার পর্যন্ত দিয়ে আসে। এছাড়া যারা ওপাশ থেকে আসবে তাদের জন্য এপাশে দালাল থাকে। বিশেষ করে রাতে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পারাপার করা হয়।
অনুসন্ধানে মানবপাচারে জড়িত এমন বেশ কয়েকজনের নাম ফেনীর সময় এর হাতে এসেছে। এরমধ্যে বসন্তপুর সীমান্তের মানবপাচারের প্রধান হিসেবে মহিউদ্দিনের নাম জানা গেছে। এছাড়া লিটন, শাহীন, সাহাবউদ্দিন, মহিউদ্দিনের ছেলে জাহিদ ও ইয়াসিন প্রকাশ কালা ইয়াসিনের নাম অনুসন্ধানে উঠে এসেছে।
গরু চোরাচালানের
নিরাপদ রুট বসন্তপুর
আমজাদ হাট ইউনিয়নের বসন্তপুর গরু চোরাচালানের নিরাপদ রুট। জেলার যে কয়টি সীমান্ত দিয়ে গরু নিয়ে আসা হয়, তার মধ্যে ফুলগাজীর এ বসন্তপুর একটি। উপজেলার মুন্সিরহাট সীমান্ত দিয়ে কুরবানি ঈদ কেন্দ্রীক আসলেও বসন্তপুর দিয়ে সারা বছর গরু নিয়ে আসা হয়। বসন্তপুর তারাকুচা বিওপি ক্যাম্প এবং খেজুরিয়া বিওপি ক্যাম্পের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
অনুসন্ধানে জানা যায়, প্রতিদিন রাতে এ সীমান্তে দিয়ে অবৈধ চোরাই গরু নিয়ে আসা হয়। এক্ষেত্রে পারাপারে সীমান্তের ওপারে যেমন লোক থাকে তেমনি এপাশেও থাকে। কতগুলো গুরু আসবে, কিভাবে পারাপার হবে তা আগে ঠিক করা হয়ে থাকে। বিজিবির নজরদারি এড়াতে থাকে তাদের নিজস্ব নজরদারিও। সীমান্ত থেকে শুরু করে গরুর হাটে বা গন্তব্যস্থলে আসা পর্যন্ত পাহারা দেয়া হয়। যারা গরু পারাপারে দায়িত্বে থাকে তাদের একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দেয়া হয়। এখানে এসব গরু প্রথমে আশপাশে ছাগলনাইয়ার সতের ইউনিয়নের চাঁদগাজী, ফুলগাজীর দরবারপুর, মুন্সিরহাটসহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফেনীর আশপাশের জেলায় নেয়া হয়। তবে এ সীমান্তে নিয়মিত ছাড়াও কুরবানী ঈদে সবচেয়ে বেশি গরু এসে থাকে। বসন্তপুর সীমান্তে গরু চোরাচালানের নিয়ন্ত্রক ও জড়িত এমন অনেকের নামে ফেনীর সময় এর হাতে এসেছে।
এরমধ্যে ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য ইয়াসিন মেম্বার, মিরু মেম্বার, শান্ত সাইফুল, মিরু মেম্বারের ছেলে রাব্বি, ফার্ণিচার মনির, রিপন ও ইসমাইল এর নাম উঠে এসেছে। এছাড়া ৬নং ওয়ার্ডের পেয়ার আহমদও জড়িত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। তবে এখানে মূল নিয়ন্ত্রক মীরু ও ইয়াসিন মেম্বার। তারা মূলত সেখানে গরু চোরাচালানের নিয়ন্ত্রক।
প্রশাসন আমার কথা শুনতে বাধ্য’ বলা সিএনজি
চালক থেকে মাদক গডফাদার কে এই লিয়াকত

আমজাদহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত আলী ৫ আগস্টের পূর্বে ছিলেন সিএনজি চালক। ৫ আগস্টের পটপরিবর্তনের এক থেকে দেড় মাস পরও সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সে সিএনজি চালক থেকে ইউনিয়নের মাদক ও চোরাচালানের গডফাদার বনে যান লিয়াকত আলী। শুধু মাদক বা চোরাচালান নয়, সীমান্তে গরু চোরাচালানের অন্যতম নিয়ন্ত্রকও এ লিয়াকত। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে চাঁদাবাজিরও। এলাকায় তৈরি করে রেখেছে ভয়ের রাজ্য। তার ভয়ে স্বয়ং দলীয় নেতাকর্মীরও চুপ থাকেন তার কথা না শুনলে পুলিশের চাকরি থাকবে না, আরেকজনকে হুমকি দেয়া অডিও রেকর্ডও ইতিমধ্যে ফেনীর সময় এর হাতে এসেছে। লিয়াকত আলী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেনের ডানহাত হিসেবে পরিচিত। আবার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহার উদ্দিনেরও অনুসারী সে। এলাকায় হোসেনের লোক হিসেবেই পরিচিত বাহার।
অনুসন্ধানে জানা যায়, লিয়াকত ইউনিয়নের খেজুরিয়া ও তারাকুচার মাদক ও চোরাচালানের অন্যতম নিয়ন্ত্রক। পাশাপাশি বসন্তপুর, ফেনাপুষ্করণী ও হাড়ী পুষ্করণীতেও তার নিয়ন্ত্রণ রয়েছে। মাদক-চোরাচালানের পাশাপাশি তিনি গরু চোরাচালানের অন্যতম হোতা। বিশেষ করে তিনি এসব মাদক-চোরাচালান নিরাপদে পারাপারে রাতে ঘুরাঘুরি করেন। পথিমধ্যে যাতে বাঁধা দেয়া না হয় তার জন্য কতিপয় অসাধু পুলিশ সদস্যদেরও দেন কমিশন।
এদিকে লিয়াকতের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজির অভিযোগও। ২০২৫সালের মার্চে তার বিরুদ্ধে ১০লাখ টাকার চাঁদা দাবির একটি অভিযোগ দেয়া হয়। এক বৃদ্ধা তখন ফুলগাজী থানায় এ অভিযোগ দেন। এছাড়া তার কথা না শুনলে পুলিশের চাকরি থাকবে না বলে হুমকি দেয়ার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে।
সেখানে লিয়াকত বলেন, ‘আমি লিয়াকত যদি ইচ্ছে করি আমজাদহাটে এ অমুক মিয়া, তমুক মিয়া, কোন মিয়া থাকতে পারবে না। আমি যদি ২৪ঘন্টা রেড দেয় প্রশাসন আমার কথা শুনতে বাধ্য। শুনবে, না হয় প্রশাসন এটা ফুলগাজী থানায় থাকতে পারবে না। থানায় আমি রাখবো না। আমি চ্যালেঞ্জ করবো, তিনদিনের ভিতর প্রশাসন থাকতে পারবে না।’ এসময় লিয়াকত শরীফ নামে একজন ও মীরু চেয়ারম্যানের পরিবারকে গালিগালাজ করতে দেখা যায়। তখন তাকে মিল্লাত নামে এক পুলিশ কর্মকর্তার নাম অপর পাশের লোকজনকে বলতে শুনা যায়, আমি প্রশাসন ওইদিন মিল্লাত আসছিলো। আমি বলছি, এতে ভালো লোক, এতের দিকে নজর দিয়েন না। দিলে প্রতিবেদন দিবো।
জানতে চাওয়া হলে লিয়াকত আলী ফেনীর সময়কে বলেন, ‘এসব বিষয়ে আমার জানা নেই। আমি যে এসব করতেছি তা আপনার কাছে শুনতেছি।’
আনন্দপুরের নিয়ন্ত্রক দুই গ্রুপই
উপজেলার আনন্দপুর ইউনিয়নের নিয়ন্ত্রন দুই গ্রুপের হাতেই। একদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ও অন্যদিকে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক গোলাম রসুল গোলাপ। সেখানেও হোসেনের অনুসারীদের প্রভাব বেশি। বিশেষ করে ইউনিয়ন এর পেঁচিবাড়িয়া ও বন্দুয়া এলাকায় হোসেন এর অনুসারীরা মাদক নিয়ন্ত্রণ করে। সেখানে বিশেষ করে তার অনুসারী সাইফুল মজুমদার এসব নিয়ন্ত্রণ করে থাকেন। উঠে এসেছে ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহাদাত মজুমদারের নামও। সেও হোসেনের অনুসারী। এছাড়া বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে ভাগ হয়ে গোলাপের অনুসারীরাও এসবকারবারে জড়িত রয়েছে। এরমধ্যে নুর মোহাম্মদ নামে সাবেক এক ইউপি সদস্যের নাম উঠে এসেছে।
এ ইউনিয়নে মাদক-চোরাচালান ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন এমন অন্তত ১৫জনের নাম ফেনীর সময় এর হাতে এসেছে। তারা হলেন কালির হাটের মো. হারুন প্রকাশ ডাইল হারুন, চন্দনবিয়ার বিপুল, বন্দুয়ার ফারুক, একই এলাকার সওদাগর বাড়ীর মো. পারভেজ, মো. পারভেজ প্রকাশ পারভেজ হাবা, জাহিদুল ইসলাম, মেহেরাজ মজুমদার, ও রুপান্ত। তারা বন্দুয়া এলাকার মাদক সিন্ডিকেট দেখে থাকেন। এ এলাকায় তাদের আবার নিয়ন্ত্রণ করেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবদুল কাদের জিলানী ও মো. কপিল উদ্দিন পাটোয়ারী। তারা আবার আ’লীগ নেতা এমদাদ মজুমদার এর মাদক কারবারও পরিচালনা করেন। অন্যদিকে ইউনিয়নের পেঁচিবাড়িয়ায় মাদক পারাপার ও চোরাচালানে জড়িত তারা হলেন মীর হোসেন মীরু, আশ্রয়ণ এলাকার ফয়সাল, হামিদ ও রকি। সেখানে সিন্ডিকেটের মূল নেতৃত্বদাতা হলেন হারুন পাটোয়ারী। এদিকে ইউনিয়নের মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রক হিসেবে ননি নামে একজনের নামও উঠে এসেছে।
উত্তোলন করা হতো বালুও
উপজেলার সদর ইউনিয়ন ও আনন্দপুর ইউনিয়নে করা হতো বালু উত্তোলনও। সেখানেও আবুল হোসেন ভূঁইয়ার অনুসারীরা অবৈধভাবে বালু উত্তোলন করতেন।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার আনন্দপুর ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষা পেঁছিবাড়িয়ার সিলোনিয়া নদী থেকে দিনে-দুপুরে অবৈধভাবে বালু উত্তোলন করতেন ইউনিয়ন বিএনপির সাধারণ-সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া ফারুক প্রকাশ ফারুক নেতা ও ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহাদাত মজুমদার। সেখানে হোসেনের নিদের্শে বালু উত্তোলন হয়েছিলো একাধিক সূত্র ফেনীর সময় কে জানান।
এ বিষয় ফেনীর সময় সংবাদ প্রকাশ হলে প্রশাসনের অভিযানে কিছুদিন বন্ধ থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকালীন আরো দুইদিন উত্তোলন করা হয়। এ বিষয়ে অবশ্য তখন জেলা প্রশাসনকে ফুট প্রতি ৫০পয়সা করে দেয়া হচ্ছে বলে হোসেন ফেনীর সময়কে বলেছিলেন।
এদিকে ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর থেকেও বালু উত্তোলন করা হতো বলে অনুসন্ধানে জানা যায়। দক্ষিন দৌলতপুর মুহরি নদী থেকে এসব বালু উত্তোলন করা হতো। তবে সেখানে আট থেকে নয় দিন উত্তোলনের পর আর উত্তোলন করা হয়নি বলে স্থানীয়রা জানান। সেখানেও হোসেন তার লোকজন দিয়ে বালু উত্তোলন করেছিলেন। এ বিষয়ে সরেজমিনে গিয়ে বাসিন্দাদের জানতে চাওয়া হলে বেশিরভাগ লোকজন কথা বলতে রাজি হয়নি।
তবে কয়েকজন ফেনীর সময়কে জানান, দুই-আড়াই মাস বা তিন মাস আগে উত্তোলন করা হয়েছিল। আট-নয় দিন উত্তোলনের পর প্রশাসনের চাপে বন্ধ হয়ে যায়। এছাড়া পাশে উত্তর বরইয়া থেকেও বালু উত্তোলন করা হতো। তবে সেখানে প্রকল্পের জন্য উত্তোলন করা হতো বলে বাসিন্দারা জানান।
উপজেলার আলোচিত মাদক
ব্যবসায়ী এরা কারা?
উপজেলার মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষক এমন ১৬জনের নাম ফেনীর সময় এর হাতে এসেছে। একাধিক গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া ১৬আসামির সবাই কমবেশি ডজনখানেক মামলার আসামি। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলার যেন শেষ নেই। তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদক কারবারি। এরা বেশিরভাগ আ’লীগের সময়ে যেমন উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করতেন, তেমনি এখনো তারা নিয়ন্ত্রণ করেন।
তারা হলেন- ১০মামলার আসামি আনন্দপুর ইউনিয়নের কালির হাটের মৃত আবুল খায়েরের ছেলে জহিরুল ইসলাম প্রকাশ দামা জহির, ১০মামলার আসামি একই ইউনিয়নের দক্ষিণ আনন্দপুরের মৃত আবুল খায়েরের ছেলে মোহাম্মদ ডালিম, ৬ মামলার আসামি উত্তর শ্রীপুরের মৃত মোস্তফার ছেলে মো. ইব্রাহিম, ৭মামলার আসামি উত্তর শ্রীপুরের মৃত মো. হোসেন মিয়ার ছেলে ছুট্টু মিয়া, ৪ মামলার আসামি আমজাদহাট ইউনিয়নের ফেনা পুস্করিণীর মৃত হাফেজ মো: মেম্বারের ছেলে মো. জহিরুল ইসলাম রুবেল, ৫মামলার আসামি সদর ইউনিয়ন এর পশ্চিম নিলক্ষীর মো. ইউনুস এর ছেলে দেলোয়ার হোসেন, ১২ মামলার আসামি দক্ষিণ শ্রীপুরের মৃত মজল হকের ছেলে মো. ইউছুপ, ৫ মামলার আসামি দক্ষিণ শ্রীপুর ভূঁইয়া বাড়ীর মৃত ছকু মিয়ার ছেলে সামছুল হক শহীদ, ৫ মামলার আসামি দক্ষিণ আনন্দপুর মজুমদার বাড়ীর মৃত আবদুস সাত্তারের ছেলে মোহাম্মদ আলী রানা, ৬ মামলার আসামি দক্ষিন আনন্দপুর আলী আহাম্মদ প্রকাশ লাতু মিয়ার ছেলে আলী আকবর প্রকাশ সুমন, ৬ মামলার আসামি সদর ইউনিয়নের মনতলার আবুল খায়েরের ছেলে মো. নুর নবী প্রকাশ নবী বাহাদুর, ৫ মামলার আসামি একই ইউনিয়নের মধ্যম মনতলার নুরুল আমিনের ছেলে মো. ফিরোজ ফরিদ, ১০ মামলার আসামি উত্তর শ্রীপুর আবদুল মালেক বাড়ীর ছুটু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম, ৪ মামলার আসামি খিলপাড়ার আব্দুর রউফের ছেলে মো. আব্দুল করিম ভাসানী, ৪ মামলার আসামি আনন্দপুর ইউনিয়নের পেচি বাড়ীয়ার মো. আলী হোসেনের ছেলে মীর হোসেন মান্দার ও ৫ মামলার আসামি দক্ষিণ আনন্দপুরের মৃত আব্দুর রউফের ছেলে মো. হারুন।
আরও যত অভিযোগ
হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫ আগস্টের পর উপজেলা থেকে বরাদ্দ দেয়া মাটি সম্পূর্ণ না পেলে বাকি অর্থ লুট করার। এনিয়ে কথা হয় প্রতিষ্ঠানের একাধিক শিক্ষকের সাথে। বেশিরভাগে ভয়ে নাম প্রকাশ করতে চাননি। এরমধ্যে এক শিক্ষক জানান, দুইবার বরাদ্দ এসেছিলো। একবার মাটি ফুলগাজী বাজারে ফেলা হয়। আরেকবার সাইকেল রাখার জায়গার সংস্কারের জন্য আসছিলো। কিন্তু সেখানে বিদ্যালয় ফান্ড থেকে আরও কিছু অর্থ দিয়ে সংস্কার করা হয় বলে ওই শিক্ষক জানান।
এছাড়া আ’লীগের সময়ে সুবিধাভোগী ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের কর্মকর্তা মো. আইয়ুবকে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজে প্রভাব খাটিয়ে গভর্ণিং বডির সভাপতি বানানোর অভিযোগ রয়েছে হোসেনের বিরুদ্ধে। এছাড়া অভিযোগ রয়েছে ফুলগাজী উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ের উপরে মদের আসর বসানোরও। সেখানে নেতাকর্মীরা মদের আসর বসিয়ে আড্ডা দেয় বলে জানা যায়।
এদিকে বিএনপির একাধিক স্থানীয় নেতাদের সাথে সাথে কথা বলে জানা যায়, বেগম খালেদা জিয়া ও তখনকার ওই আসনের সাংসদ সাঈদ ইস্কান্দারকে নিয়মিত গালাগালি করতেন হোসেন। তখন দলের বিপক্ষে অবস্থান নেয়ায় ২০০৩সালে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিলো।
আমি সবসময় মাদক ও
চোরাচালানের বিরুদ্ধে: হোসেন
জানতে চাওয়া হলে আবুল হোসেন ভূঁইয়া বলেন, ‘আমার অনুসারীরা কারা কি করে তা নিয়ে এখন পর্যন্ত কেউ বাদী হয়নি। আর আমার কাছে মাদক কাকে বলে আজ পর্যন্ত আমার জানা নেই। আমি সবসময় মাদক-চোরাচালানের বিরুদ্ধে। ইতিমধ্যে আমি প্রশাসনকে তালিকাও পাঠিয়েছি। আমার সাথে মাদকের কোন সম্পর্কে নেই। আপনারা আমাকে চিনেন, আমি মাদক কারবারে কোনভাবে জড়িত না। আমি ইতিমধ্যে গত মিটিংয়েও বলছি যে মাদক কারবারী যারা গ্রেফতার হয়ে জেল থেকে বের হবে তাদের আজকে বের হলে কাল যেন আবার ঢুকানো হয়।’
তিনি বলেন, ‘আমার অনুসারী কোথায় কি করে আমি তো জানি না। এখানে এসব আ’লীগ আমলে যারা করছে তারাই এখনো নিয়ন্ত্রণ করে। আমাদের দলের কেউ সম্পৃক্ত থাকার বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। আর আমাদের তো পুলিশ, গোয়েন্দা, ডিজিএফআই কেউ বলে নাই, না বললে আমরা কিভাবে জানবো। আর যারা বলছে আমার অনুসারীরা জড়িত, তাহলে তারা তাদের ধরে পুলিশে দিক।’