জুলাই ৬, ২০২৬ ০১:০৭

সোনাগাজীতে চালককে জিম্মি করে মাছ বোঝাই পিকআপ ছিনতাই, ৯৯৯ এ ফোন করে উদ্ধার


নিজস্ব প্রতিনিধি :

সোনাগাজীতে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে মাছের পোনা বোঝাই একটি পিকআপ গাড়ি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে উপজেলার সদর ইউনিনের দক্ষিণ চর খোন্দকার এলাকায় এঘটনা ঘটে।


পরে রাতে ঘটনা জানার পর মাছের খামার মালিক নুরুল আমিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। অভিযোগ পাওয়ার পর সোনাগাজী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সোনাগাজী-মুহুরী প্রকল্প সড়কের হাসপাতাল স্ট্যান্ড এলাকা থেকে মাছবোঝাই পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।


এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল আমিন বাদী হয়ে জাহাঙ্গীর আলম, মো. রানা ও মো. ডালিমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।


ক্ষতিগ্রস্থ খামার মালিক নুরুল আমিন বলেন, তিনি দীর্ঘদিন ধরে উপজেলার দক্ষিণ চর খোন্দকার এলাকায় ২৯ একর জমি ইজারা নিয়ে মাছের প্রকল্প তৈরী করে মাছ চাষ ও ব্যবসা করে আসছেন। গত শুক্রবার রাতে তিনি খামারে উৎপাদিত বিভিন্ন ধরনের তিন মেট্টিক টন মাছে পোনা বিক্রির জন্য তিনটি পিকআপ গাড়িতে করে চট্টগ্রামের বারৈইয়ার হাটে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে একদল ছিনতাইকারী একটি গাড়িকে থামিয়ে চালক ও সহকারীকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি থেকে নামিয়ে দেয়।

পরে ছিনতাইকারীরা গাড়িটি নিয়ে উপজেলা সদরের দিকে যেতে থাকে। এরই মধ্যে গাড়ি চালক বিষয়টি মুঠোফোনে তাকে জানায়। তিনি সঙ্গে সঙ্গে জাতীয় জরুরী সেবা ৯৯৯এ ফোন করে ঘটনাটি জানান। পরে খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাসপাতাল স্ট্যান্ড এলাকা থেকে মাছ বোঝাই গাড়িটি উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা গাড়ি রেখে দৌঁড়ে পালিয়ে যায়।


নুরুল আমিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় গাড়িতে থাকা প্রায় ২লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাছের পোনা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় মারা গিয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে গত বছলের ১ অক্টোবর রাতেও একই ছিনতাইকারীরা তার প্রকল্পের বাঁধ কেটে মাছ ছেড়ে ও ধরে নিয়ে প্রায় এক কোটি ২০ লাখ টাকার ক্ষতি করেছিল।


সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল আলম এঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের ধরতে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!