সেপ্টেম্বর ৬, ২০২৬ ১৬:৫১

অটোরিকশা নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পুলিশ সুপারকে নিরাপদ সড়ক আন্দোলনের স্মারকলিপি


শহর প্রতিনিধি :

ফেনী শহরের প্রধান সড়কে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং আইন প্রয়োগে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ফেনী জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এর কাছে স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), ফেনী জেলা। শনিবার নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফেনী জেলার পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. ইনজামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি, ফেনী জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সদস্যরা। এছাড়াও সংগঠনের উপজেলা ও কলেজ টিমের একাংশ উপস্থিত ছিলেন।

এ সময় নিসআ নেতৃবৃন্দ বলেন, ফেনী শহরের ক্রমবর্ধমান যানজট ও সড়কের বিশৃঙ্খলা সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ সৃষ্টি করছে। জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

নিসআ নেতৃবৃন্দ আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব পালনে কোনো ধরনের চাপ, হুমকি বা বাধা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে যানজট ও সড়ক নিরাপত্তার মতো জনস্বার্থের বিষয়ে সচেতন নাগরিকদের মতপ্রকাশের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

স্মারকলিপি প্রদান শেষে নিসআ’র নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং ফেনী শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নিসআ জানায়, সংগঠনটি সবসময় শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে জনস্বার্থে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও নিরাপদ সড়ক ও নাগরিক অধিকার নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!