নিজস্ব প্রতিনিধি :
ফেনী পৌরসভার বেশিরভাগ সড়কে ফুটপাতের ভাঙা স্ল্যাবে চলাচলে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিগত প্রায় দুই বছর যাবত কোন সংস্কার না হওয়ার কারণে গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে ফুটপাতের স্ল্যাব ভেঙে পড়ায় পথচারীরা দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, ট্রাংক রোড, কলেজ রোড ও কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাতে পথচারীরা চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডাক্তার পাড়া সড়কসহ পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশা। যেন অজোপাড়া গায়ের সড়ক থেকে অবহেলীত হয়ে পড়ে আছে। ট্রাংক রোড থেকে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের মহিপাল পর্যন্ত প্রায় অর্ধশতাধিক স্ল্যাব ভাঙা পড়ে আছে। কোন কোন স্ল্যাবের ভাঙা জায়গায় লাল কাপড় টাঙ্গিয়ে দিয়েছে পথচারী ও তদসংলগ্ম দোকানীরা। কিন্তু পৌর কর্তৃপক্ষ যেন বেখবর হয়ে পড়ে আছেন। বিভিন্ন সময় পথচারী ও দোকানীরা পৌরসভায় অভিযোগ করলেও দেখবেন বলে আশ্বস্ত করা হলেও কাজে দৃশ্যমান কিছুই হয়নি বলে দোকানীদের অভিযোগ। শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া জামে মসজিদের উত্তর পূর্ব পাশে সূচনা টাওয়ার সংলগ্ম স্ল্যাব পুরোটাই ভাঙা পড়ে আছে প্রায় ১বছরেরও বেশি সময়। আশপাশের দোকানীরা পৌর কর্তৃপক্ষকে বারবার দৃষ্টি আকর্ষণ করলেও কাজ হয়নি।
ব্যবসায়ী আবদুল ওহাব রিয়াদ ভূঁঞা জানান, পৌর কর্তৃপক্ষকে অনেকবার অবহিত করা হয়েছে। তারা দেখবেন বলে শেষ। ভাঙা স্ল্যাবে অনেক পথচারী পড়ে যেতে দেখেন। অনেকে পড়ে অসুস্থ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
একইভাবে ইসলামপুর রোডের মাথার উত্তর পাশে স্ল্যাব ভাঙা পড়ে আছে। সেখানেও দোকানীরা জানিয়েছেন পথচারীরা প্রতিদিন পড়ে যায়। এছাড়াও গাজী হোটেলের নিচে সড়কে স্ল্যাব ভাঙা রয়েছে। সেখানে ভাইটাল ইউনিট-১ থাকার কারণে বিভিন্ন রকম রোগীরা চলাচল করার সময় ভোগান্তিতে পড়তে হয়।
পথচারী এয়াকুব শরীফ শিমুল জানান, সড়কের পাশে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পড়ে গিয়ে ব্যথা অনুভব করেছেন। এছাড়াও ময়লা আবর্জনার গন্ধতো আছেই। গুরুত্বপূর্ণ শহরের ফুটপাতের স্ল্যাব ভাঙা পড়ে আছে মাসের পর মাস যেন দেখার কেউ নেই।
পথচারী শফিকুর রহমান মজুমদার জানান, শহরে চলাফেরা করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অকটু বেখেয়ালে হাঁটলে ড্রেনের ভেতরে পড়তে হবে। এক্ষেত্রে স্কুলগামী শিশু ও বয়োবৃদ্ধরা বেশি দুর্ভোগের পড়তে হচ্ছে। বেশির ভাগ ফুটপাতের স্ল্যাব ভাঙা পড়ে আছে। যেন অভিভাবক শূন্য পৌরসভা।
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন ফেনীর সময়কে জানান, ফুটপাতের স্ল্যাব সংস্কারের জন্য ১৪ লাখ টাকা টেন্ডার প্রক্রিয়াধীন। জনবল সংকটের কারণে নিয়মিত কাজ করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি আরো বলেন, যার যে দায়িত্ব সেটা কেউ যথাযথভাবে পালন করছে না। বরং ভিন্নটা চিন্তা করতেছে।
ফেনী পৌরসভার প্রশাসক নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান ফেনীর সময়কে জানান, মাত্র দায়িত্ব গ্রহন করেছি। জনস্বার্থে অবশ্যই বিষয়গুলো দেখা হবে। তবে আশা করছি দ্রুত সময়ের মাঝে ছোটখাটো সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।