সেপ্টেম্বর ৮, ২০২৬ ১৫:১২

ফকিরহাটে অটোরিকশা চাপায় পিতার সামনেই প্রাণ গেলো স্কুল ছাত্রের


নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরতলীর ফকিরহাটে অটোরিকশা নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত গিয়ারে চাপ পড়ে গতকাল সোমবার সকালে ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাটে বাবার দোকানের সামনে ভ্যান গাড়ি নিয়ে খেলতে গিয়ে সাইদুল ইসলাম নামে এক ৪র্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়। সকাল সাড়ে ৮টার দিকে সাইদুল ইসলাম ব্যাটারি চালিত ডাব বিক্রির অটোরিকশা গাড়ি নিয়ে খেলতে থাকে। খেলতে গিয়ে একপর্যায়ে সাইদুলের গিয়ারে হাত পড়ে তাৎক্ষণিক ভ্যান গাড়িটি দ্রুতগতিতে ছুটে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই সাইদুল নিহত হয়।

নিহত সাইদুল ইসলামের বাবা মোহাম্মদ ইসমাইল ফকিরহাট বাজারে রিক্সার মেকানিক। তার মৃত্যুর খবর শোনার পর বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটি, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ফকির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ডা. ছরওয়ার আলম বলেন, স্কুল পড়ুয়া শিক্ষার্থী তার বাবার দোকানে যাওয়ার পথে ব্যাটারী চালিত অটোরিকশায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি অত্যন্ত দু:খজনক। এছাড়াও শহর ও গ্রামগঞ্জে ব্যাপক হারে ব্যাটারী চালিত ভ্যান গাড়ি ও মিশুক বেড়ে গেছে। এসব ব্যাটারী চালিত গাড়ি নিয়ন্ত্রণ না করা হলে ভবিষ্যতে আরো ভয়াবহ দুর্ঘটনার আশংকা রয়েছে।

নিহতের বাবা রিক্সার মেকানিক মোহাম্মদ ইসমাইল জানান, ছেলেকে হারিয়েছি পুরো পরিবার শোকে বিহবল হয়ে পড়েছে। সকালে দোকানে যাওয়ার পথে ভ্যান গাড়ির চাপায় আমার ছেলে মারা যায়।

ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, ফকিরহাট এলাকায় বাবার গ্যারেজের পাশে ভ্যান গাড়ি নিয়ে খেলা করার সময় গিয়ার ছাপা পড়ে স্কুল পড়ুয়া একজন ছাত্র মারা যায়। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!