নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে মিছিলের প্রস্তুতি নেওয়ার খবরে শহরের মাষ্টারপাড়া ও সহদেবপুর এলাকায় বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী মামলার এজাহারনামীয় আসামীসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকাল ৫টা হতে গতকাল সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ফুলগাজী উপজেলার জগতপুরের মৃত জসিম উদ্দিনের ছেলে নাইমুর রহমান দুর্জয় প্রকাশ রাশেদ দুর্জয় (২৫), কালিদহ ইউনিয়নের ভালুকিয়ার ইদ্রিস ভূঁইয়ার ছেলে ইফতেখার আহাম্মদ ফাহিম (২০) ও ছাগলনাইয়া উপজেলার মধ্যম শিলুয়ার মো. ইউছুপ বাদলের ছেলে ইসলাম মো. শাহীনুর তন্ময় (২৬)।
পুলিশ জানায়, রবিবার বিকাল ৫ টা থেকে সোমবার ভোর পর্যন্ত ফেনী শহরের রেলগেইট, সহদেবপুর ও মাষ্টারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তারা পতিত সরকারের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ জানান।
পুলিশ সূত্র আরো জানায়, আটককৃত আসামিরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার জন্য ফেনী শহরের বিভিন্ন এলাকায় ইতিপূর্বে মিছিলে অংশ নিয়েছিল। এছাড়া নতুন করে পুনরায় মিছিল আয়োজনে প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকারোক্তি প্রদান করে। পরে তাদের সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।