সেপ্টেম্বর ১০, ২০২৬ ১৫:২২

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ফেনী আসছেন, ফুলগাজীতে সভাস্থল পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি :

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফেনী সফরে আসছেন। সফরের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফুলগাজীর সভাস্থল পরিদর্শন করেছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন। ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এদিন বিকালে প্রধানমন্ত্রী ফ্যামিলিকার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

সমাজকল্যাণ মন্ত্রী আজ রাতে মাঠ ও মঞ্চ প্রস্তুতির বিভিন্ন নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ সেপ্টেম্বর ফেনী আসবেন জানিয়ে মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন,‘প্রধানমন্ত্রী তারেক রহমান ওইদিন সকালে পরশুরামে পানিসম্পদ মন্ত্রণালয়ের মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও পানি নিষ্কাশন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন৷ পরে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরে তার নানার বাড়ি পরিদর্শনে যাবেন। সেখানে তার মায়ের আত্মীয়রা রয়েছেন, তাঁদের কবর রয়েছে, এসব পরিদর্শন করবেন।’

মন্ত্রী বলেন,‘বিকালে প্রধানমন্ত্রী এ পাইলট মাঠে তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচি উদ্বোধন করবেন। বিশেষ করে অসহায়দের মাঝে ফ্যামিলি কার্ড,কৃষকদের মাঝে কৃষক কার্ড ও ধর্মীয় নেতা তথা ইমাম এবং পুরোহিতদের মাঝে ভাতা বিতরণ করবেন। অর্থাৎ ওইদিন সকল ধর্মের লোকদের এখানে পাবেন। বিএনপি যে বলে সবার আগে বাংলাদেশ, এখানে তা দেখতে পাবেন। এছাড়া যারা চিকিৎসা নিতে পারছেন না, তাদের আর্থিক সহায়তা দিবেন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিবেন।’

মন্ত্রী আরো বলেন, ‘ফেনী থেকে মিরসরাই পর্যন্ত ওইদিন সাধারণ মানুষ তাদের নেতাকে অভিনন্দন জানাবে। তাঁর কথা ও বক্তব্য শোনার জন্য এবং তাঁর যে কর্মসূচি সে কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি হবে। ওইদিন ফেনীর মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি যে ভালোবাসা তার প্রমাণ আপনারা সেদিন দেখবেন৷ এবং আপনারা যে বলেন,ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা,সেদিন তার প্রমাণ আপনারা দেখতে পারবেন। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে ফেনীবাসী অকৃপণভাবে গ্রহণ করবে।’

এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ মোহাম্মদ মাহ্‌বুব, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার,জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হামিদ,ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার,ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব,জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন,সিনিয়র যুগ্ম গোলাম রসুল গোলাপ, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী প্রমুখ।

এমপি মজনু বললেন-
প্রধানমন্ত্রীর আগমনে সেদিন স্মরণকালের ইতিহাস তৈরী হবে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু বলেন, ‘প্রধানমন্ত্রী দীর্ঘ প্রায় দেড় যুগ পর নানার বাড়ী ফুলগাজীতে আসতেছেন। প্রায় ১৭ বছর ফ্যাসিবাদী আমলে বিনা ভোটের রাজত্ব কায়েম ছিল।এখানে প্রধানমন্ত্রী তো দূরে থাকুন,আমাদের নেত্রীও আসতে পারেন নাই। জেলে নিয়েছে ও বিভিন্নভাবে হয়রানি করেছে। বিএনপি নেতাকর্মীরাও ১৭ বছর এলাকায় থাকতে পারিনি। এখানে প্রধানমন্ত্রী আসছেন। ফুলগাজীর পাশাপাশি পরশুরাম ও ছাগলনাইয়ার মানুষ তো অবশ্যই আসবেন। জেলা সদরের সবাইও আসবেন। এ মাঠে হয়তো ২০ থেকে ২৫ হাজার লোকের জায়গা হবে। কিন্তু রাস্তাঘাটে সবকিছু মিলে স্বরণ কালের ইতিহাস তৈরি হবে। আর প্রধানমন্ত্রী খালি হাতে আসছেন না। এ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে, এ এলাকার উন্নয়নে তিনি অনেকগুলো কর্মসূচি নিয়ে আসছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!