সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১০:১৩

ফেনীতে এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রশিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে না পেরে অপপ্রচার চালানো হয়: জাহিদুল ইসলাম


নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫শ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। গতকাল শনিবার দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ছাত্রশিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে না পেরে কেউ কেউ নানারকম ট্যাগ দেয়, অপপ্রচার চালায়। ছাত্রশিবির কখনো কারো রগ কেটেছে এরকম নজির নেই। আমাদেরকে নতুন করে গুপ্ত ট্যাগ দেয়া হয়। যারা এই ট্যাগ দেন তাদের সাথে অতীতে বসার অসংখ্য ছবি রয়েছে। যখন ঘরের মানুষ এ ধরনের অপবাদ দেয় তখন বুঝতে অসুবিধা হয় না আমাদের ব্যাপারে তাদের কাছে কোন ন্যারেটিভ নেই।

জাহিদুল আরো বলেন, দুনিয়ার সফলতার পাশাপাশি আখেরাতের সফলতাও অর্জন করতে হবে। এজন্য প্রতিটি শিক্ষার্থীকে মেধাবী হওয়ার পাশাপাশি সৎ, দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠতে হবে। আখিরাতে লজ্জিত হতে হবে এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে। ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে গড়ে উঠতে সহায়তা করে।
ছাত্রশিবিরের ফেনী শহর শাখা সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা। প্রধান আলোচক ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমান।

ছাত্রশিবিরের শহর সেক্রেটারী এনামুল হক সোহাগের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মাজহারুল ইসলাম। কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফেনী সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ আতাহার সায়েম জিসান ও ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার শিক্ষার্থী নুসাইবা নাবিলা মীম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জামায়াতের শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, শহর অর্থ সম্পাদক আব্দুল্লাহ মজুমদার প্রমুখ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ছাত্রশিবিরের ফেনী শহর সাহিত্য সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পলাশ জানান, অনুষ্ঠানে ফেনী শহর ও সদর উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসা থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৫শ ছাত্র-ছাত্রীকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ফেনী স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় ইসলামী সংগীত ও অন্যান্য সংগীত পরিবেশন করা হয়। এছাড়া যৌথ সংগীত পরিবেশন করেন ‘লক্ষ্য প্রাণের সুর ২০১৩’ এর চ্যাম্পিয়ন হাফেজ মোশাররফ হোসাইন শরীফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!