শহর প্রতিনিধি:
ফেনী শহরের মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গভীর রাতে মিছিলের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ টের পেয়ে ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্র জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতাকর্মী মিছিল করতে মহিপাল সংলগ্ন হাজারী রোডের মাথায় মহাসড়কে জড়ো হয়। খবর পেয়ে ফেনী মডেল থানার একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারিরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ ধাওয়া দিয়ে নোয়াখালীর সেনবাগ থানার মজিরখিল এলাকার ইসলামের ছেলে ফখরুল ইসলাম (২৩), একই থানার বীরকোট এলাকার আবদুল জলিলের ছেলে ইমাম হোসেন (২৪), একই এলাকার গোলাম মোস্তফার ছেলে শহিদুল ইসলাম স্বাধীন (২৩), জহিরুল ইসলামের ছেলে ফখরুল ইসলাম (২২), এবায়দুল হকের ছেলে মো: তানিম (২২), বশিরের ছেলে রোহান পাটোয়ারী (২৩), কেশাবপাড় এলাকার আবদুর রশিদের ছেলে গোলাম রাব্বি (২৩), শাহজাহানের ছেলে ইসলাম (২২) কে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম ৮ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তারা “জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ সহ বিভিন্ন ধরনের সরকার বিরোধী শ্লোগান সহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল করতে জড়ো হয়।