অক্টোবর ১৩, ২০২৬ ১২:২৮

ফেনীতে অপহৃত পিকআপ চালককে উদ্ধার করলো পুলিশ, গ্রেফতার ৪


শহর প্রতিনিধি : ফেনীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে অপহৃত এক পিকআপ চালককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় অপহরণে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। রবিবার দিবাগত রাত ৩টার দিকে ফেনী শহরের রাজাঝির দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, বেল্লাল পিকআপে করে জাম্বুরা নিয়ে রবিবার সন্ধা ৬টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে রওনা হয়ে রাত দেড়টার দিকে মহিপাল ফলমন্ডিতে পৌঁছান। এসময় আগে থেকে ঔঁত পেতে থাকা অপহরণকারীচক্রের সদস্যরা একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে তাদের পিকআপে ধাক্কা দিয়ে ঝগড়ার সৃষ্টি করেন। একপর্যায়ে তারা বেল্লাল ও তার সহকারীকে মারধর করেন। পরে বেল্লালকে জোরপূর্বক সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এরপর বেল্লালকে ছেড়ে দেয়ার বিনিময়ে তার সহকারী শাহ আলমের কাছে মুঠোফোনে এক লাখ টাকা মুক্তি পন দাবি করা হয়। উপায় না পেয়ে শাহ আলম জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন।
খবর পেয়ে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস এর নেতৃত্বে এসআই শাহীনুল ও এসআই শৈবাল বড়ুয়াসহ পুলিশের একটি দল অভিযান চালায়। পরে রাজাঝির দিঘিরপাড় এলাকা থেকে অপহরণচক্রের চার সদস্যকে গ্রেফতার এবং আহত অবস্থায় বেল্লালকে উদ্ধার করা হয়। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জামতলী এলাকার বাসিন্দা। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন, পাঁচগাছিয়া ইউনিয়নের সোহেল (৩২), নোয়াখালীর কোম্পানীগঞ্জের প্রিয় নাথ (৪২), বেগমগঞ্জের আলাউদ্দীন (৩০) এবং ফেনী পৌরসভার দক্ষিণ চাড়ীপুর এলাকার রনি (২৮)।
পুলিশ সূত্র আরো জানায়, অপহরণকারীরা বেল্লালকে মারধর করে তার পকেটে থাকা এক হাজার টাকা ছিনিয়ে নেন। পরে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ওই টাকা উদ্ধার করা হয় এবং অপহরণে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় বেল্লালের করা অভিযোগের ভিত্তিতে ফেনী মডেল থানায় গতকাল সোমবার বিকালে মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!