সদর প্রতিনিধি : ফেনী সদর ও পৌরসভায় আজ থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। সদর উপজেলার তিন ইউনিয়ন ও পৌরসভার তিন ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহে কোন প্রকার অর্থনৈতিক লেনদেনের সুযোগ নেই বলে জানিয়েছেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা। এসময় এ বিষয়ে প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি তথ্য সংগ্রহকারীরা সরাসরি প্রতিটি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন বলে তিনি জানান। গতকাল সোমবার ফ্যামিলি কার্ড কার্যক্রম সংক্রান্ত অহিতকরণ কনফারেন্সে তিনি এসব বলেন।
সুলতানা নাসরীন কান্তা বলেন, ‘সারাদেশের ন্যায় ফেনীতেও ফ্যামিলি কার্ড সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে এ কার্যক্রম আমরা শুরু করেছি। এগুলো হলো ফরহাদনগর, ছনুয়া ও লেমুয়া৷ ফরহাদ নগর দিয়ে শুরু হয়েছে। এছাড়া ফেনী পৌরসভার ৩টি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়েছে। ওয়ার্ডগুলো হলো ৩, ৬ ও ১৪নং ওয়ার্ড।’ তিনি বলেন, ‘আমরা গত দুইদিন তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজার যারা আছে তাদের আমরা দুইদিন প্রশিক্ষণ দিয়েছি। প্রাথমিকভাবে আমরা ৩০টি ট্যাব পেয়েছি। সেগুলো দিয়ে আমরা কাজ শুরু করেছি।’
সুলতানা নাসরীন কান্তা জানান, ফেনী সদর উপজেলায় তথ্য সংগ্রহকারী ১শ ২৮জন ও সুপার ভাইজার ১৩জন, পৌরসভায় ৯৩জন ও সুপার ভাইজার ৯জন। কনফারেন্সে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী ও শহর সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। এসময় সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল উপস্থিত ছিলেন।