নভেম্বর ২৫, ২০২৬ ১২:৫২

সোনাগাজীতে গৃহবধূর মৃত্যু, চিকিৎসাঅবহেলার অভিযোগ তদন্তে ছয় সদস্যের কমিটি


নিজস্ব প্রতিনিধি :

সোনাগাজীতে ডিএনসি (ডাইলেশন অ্যান্ড কিউরেটাজ) অস্ত্রোপাচারের সময় চিকিৎসায় অবহেলার অভিযোগে গৃহবধূ কামরুন নাহারের (৩২) মৃত্যুর ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। কমিটিকে আগামী ১০কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহরাব আল হোসাইনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ফেনীর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (সার্জারি) ডা. আদনান আহমেদ, কনসালটেন্ট (গাইনি) ডা. নিলুফা সুলতানা, কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডা. সমর চন্দ্র, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (গাইনি) ডা. ফাহমিদা ইয়াসমিন এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফাহাদ।
কমিটির প্রধান ডা. সোহরাব আল হোসাইন বলেন, ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী ১০কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করা হবে।

ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, আগামী ১০কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তদন্তে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরআগে গত সোমবার (২৩ নভেম্বর) সকালে সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব চর চান্দিয়া এলাকায় বাবার বাড়ির মৌলভী আবদুল লতিফ জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে কামরুন নাহারকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তিনি এলাকার এনামুল হকের মেয়ে ও উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের চর এলাহি এলাকার রহিম উদ্দিনের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী ও ছোট ছোট দুই সন্তান রেখে গেছেন।

পরিবারের অভিযোগ, গত ৬নভেম্বর তিন মাসের অন্তঃসত্ত্বা কামরুন নাহারের গর্ভপাতের পর সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে তার ডিএনসি অস্ত্রোপচার করা হয়। এসময় চিকিৎসায় অবহেলার কারণে তার জরায়ু ফুটো হয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফেনী, চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা ৫১ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ১৯নভেম্বর বৃহস্পতিবার কামরুন নাহারের বড় বোন নূরজাহান আক্তার সোনাগাজী মডেল থানা ও ফেনীর সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ দাবি করা হয়।

কামরুন নাহারের ভাই মাহফুজুল হক বলেন, ‘ভুল চিকিৎসায় একটি পরিবার শেষ হয়ে গেল। আর কোনো ভাইয়ের বোন কিংবা কোনো সন্তানের মা যেন ভুল চিকিৎসায় মারা না যান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’ তিনি আরও বলেন, সিভিল সার্জন কার্যালয়ে পাঁচ দিন আগে অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, কামরুন নাহারের দাফনের পর তার ভাই মাহফুজুল হকসহ স্বজনেরা গত সোমবার সন্ধ্যায় থানায় এসেছিলেন। তারা আইনি প্রক্রিয়া সম্পর্কে কথা বলে গেছেন। সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে আসবেন বলে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!