নভেম্বর ২৩, ২০২৬ ১১:৪৯

সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা নিয়ে ১৬দিন পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ


নিজস্ব প্রতিনিধি: সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গুরুতর অসুস্থ হয়ে ১৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেছেন কামরুন নাহার (৩২) নামে এক নারী। গতকাল রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি তার ভাই মাহফুজুল হক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। কামরুন নাহার উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের চর-এলাহী এলাকার রহিম উদ্দিনের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।

কামরুন নাহারের পরিবারের অভিযোগ, গর্ভপাত-পরবর্তী চিকিৎসার জন্য গত ৬নভেম্বর তাকে সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে ডি অ্যান্ড সি (ডাইলেশন অ্যান্ড কিউরেটাজ) করার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসায় অবহেলা ও ভুল অস্ত্রোপচারের কারণে তার এমন পরিণতি হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন মাসের গর্ভাবস্থা নষ্ট হওয়ার পর গাইনি চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিনের পরামর্শে ৬ নভেম্বর কামরুন নাহারকে ফেনীর ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ সময় জোসনারা বেগম নামে এক নারী তার স্বামী রহিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে তাদের আত্মীয়ের শেয়ার রয়েছে এবং সেখানে পরিচিত চিকিৎসক ডা. মামুনের অধীনে ভালো চিকিৎসা হবে। তার কথায় আশ্বস্ত হয়ে স্বজনেরা কামরুন নাহারকে ওই হাসপাতালে নিয়ে যান। সেদিন দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আলট্রাসনোগ্রাম করার পরপরই তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে চিকিৎসক ডা. কুলসুম নাহার সুবর্ণা তার অস্ত্রোপাচার করেন। পরদিন ৭নভেম্বর সকালে রোগীর পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। বিষয়টি চিকিৎসককে জানানো হলেও তিনি পরে দেখবেন বলে এড়িয়ে যান বলে অভিযোগ স্বজনদের। পরে আবার আলট্রাসনোগ্রাম করা হয়। রিপোর্ট নিয়ে দুপুরে ডা. মামুনের কাছে গেলে তিনি বিস্তারিত কিছু না জানিয়ে রোগীকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে স্বজনদের সঙ্গে পাঠান।

পরিবারের অভিযোগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানকার চিকিৎসকেরা তাদের জানান, আগের চিকিৎসার সময় কামরুন নাহারের জরায়ু ফুটো হয়ে গেছে এবং মলদ্বারের পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ফুসফুসে পানি জমা, পেটে রক্ত ছড়িয়ে পড়া এবং খাদ্যনালি ও কিডনিতে সংক্রমণের লক্ষণ পাওয়া যায়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়।

৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টানা নয় দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে চিকিৎসকের পরামর্শে ১৫ নভেম্বর তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে নেয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। শারীরিক অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে গত শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন সকালে সেখানেই তার মৃত্যু হয়।

কামরুন নাহারের বোন নুর জাহান আক্তার বলেন, সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসায় অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই তার বোনকে এমন জটিল পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। প্রতিদিন চিকিৎসার পেছনে ৭০ থেকে ৮০ হাজার টাকা ব্যয় করেও তাকে বাচানো যায়নি। অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

কামরুন নাহারের স্বামী রহিম উদ্দিন বলেন, ডিএনসি করার সময় তার স্ত্রীর জরায়ু ফুটো হয়ে যায় বলে চট্টগ্রামে নেওয়ার পর তারা জানতে পেরেছেন। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পার্কভিউ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়েছে। চিকিৎসার পেছনে লাখ লাখ টাকা ব্যয় করেও স্ত্রীকে বাচাতে পারেননি। তাদের ছোট দুটি সন্তান এখন মাতৃহারা। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. কুলসুম নাহার সুবর্ণার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর থেকে তিনি হাসপাতাল ছেড়ে চলে গেছেন। তবে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপক কে.এম. ইসলামুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের এখানে তো কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল না। আমরা যখন রোগীর ডি অ্যান্ড সি সম্পন্ন করেছি, তখন পর্যন্ত এ ধরনের কোনো জটিলতার তথ্য আমাদের কাছে ছিল না। আমাদের চিকিৎসাসেবা যথাযথ ছিল এবং এ ধরনের কোনো জটিলতার তথ্য আমাদের জানা নেই।’

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসা ও অস্ত্রোপাচারজনিত অবহেলায় অন্তত ছয়-সাতজন রোগীর মৃত্যু হয়েছে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, ‘হাসপাতালে ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার কারণে রোগী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, এমন অভিযোগ পেয়ে তিনি হাসপাতাল পরিদর্শন করেছেন। এখন যেহেতু রোগী মারা গেছেন, পরিবার এজাহার দিলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!