শহর প্রতিনিধি : সুজন-সুশাসনের জন্য নাগরিক যুগ পূর্তি উপলক্ষ্যে গতকাল বুধবার বিকালে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুজন ফেনী জেলা শাখার সভাপতি অধ্যাপক রফিক রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির সাবেক ট্রেজারার, প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিপি মেজবাহ উদ্দিন খান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমীর মুফতি আবদুল হান্নান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক। আরো বক্তব্য রাখেন সুজনের জেলা যুগ্ম সম্পাদক কবি ইকবাল চৌধুরী, পৌর কমিটির সভাপতি জাহিদ হোসেন বাবলু, সহ-সভাপতি সাইদুল মিল্লাত মুক্তা, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, সুজনের ফুলগাজী উপজেলা সাধারণ সম্পাদক কবির আহমদ নাসির, প্রাথমিক শিক্ষক নেতা মহিউদ্দিন খন্দকার, জেলা মহিলা দলের সংগঠনিক সম্পাদক নূর তানজিলা রহমান, এবিপার্টির নেত্রী জাহানারা বেগম, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক নুরউল্লাহ কায়সার, স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গনি রাসেল, সুজনের ছাগলনাইয়া উপজেলা কমিটির সভাপতি কামরুল হাসান লিটন, পিএফজির ইয়ুথ অ্যাম্বাসেডর মেহেদী হোসাইন, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম সভাপতি শাহজালাল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম, ফেনী সাহিত্য সভার সাধারণ সম্পাদক কবি শামীম মজুমদার, আবৃত্তি শিল্পী সৈয়দ আশরাফুল হক আরমান, অধিকারের ফোকালপার্সন নাজমুল হক শামীম, নিরাপদ সড়ক আন্দোলনের ফেনী জেলার সাবেক সভাপতি জিয়া উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর তায়বুল হক বলেন, ‘স্বপ্ন এবং বাস্তবতা অনেক ফারাক। স্বপ্ন যখন ভেঙে যায়,তখন মানুষ আশাহত হয়। দেশের মানুষ সরকারের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। সে আশা বা প্রত্যাশা যখন পূরণ হয় না তখন মানুষ ক্ষুদ্ধ হয়। ক্ষুদ্ধ থেকে ক্ষোভ জন্ম নেয়। সে ক্ষোভ থেকে একপর্যায়ে ক্রুদ্ধ হয়। তখন সে বিবেক দ্বারা প্রভাবিত না হয়ে আবেগ দ্বারা প্রভাবিত হয়। আর আবেগ থেকে তৈরি ২৪, ৭১ ও ৯০। মানুষ দুইটি জিনিস সরকার থেকে আসা করে। এক নিজের নিরাপত্তা ও আরেকটা হলো অর্থনীতি। বাংলাদেশে দুইটা বর্তমানে প্রবল ঘাটতি। আমরা দেশে একটা তীব্র অসন্তোষ দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতপার্থক্য দেখতে পাচ্ছি তাতে দেশের ভবিষ্যত নিয়ে আমরা শঙ্কায় আছি।’
এছাড়া বক্তারা বলেন, ‘মানবিক সমাজ ও জনকল্যাণমুখী রাজনীতি ছাড়া একটি দেশকে কখনো সমৃদ্ধ করা সম্ভব নয়। সমাজের সকল পক্ষ সচেতন না হলে দেশের সামগ্রিক কার্যক্রম এগিয়ে নেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই দেশকে এগিয়ে নিতে দেশের সকল নাগরিকদের সচেতন করে তুলতে হবে।’
সভাপতি অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া সমাপনি বক্তব্যে সুজনের পথচলায় সমর্থন যোগানোর জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এডভোকেট মেজবাহ উদ্দিন খান বলেন, বর্তমান সরকার জনগনের বাক স্বাধীনতায় বিশ্বাসী বলেই দেশের যে কোনো নাগরিক সরকারের কর্মকান্ড নিয়ে সমালোচনার সুযোগ রয়েছে। অতীতে সুজন যেমন প্রতিকূলতার মধ্যেও জনগনের কথা বলেছে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আমরা আশাকরি।
অধ্যাপক লিয়াকত আলী ভূঞা বলেন, সুজন জনগনকে সচেতন ও সোচ্ছার করতে অতীতেও নানা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী জনমত তৈরীতে সুজনের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নসহ জনদাবী উপেক্ষা করলে জনরোষ তৈরী হবে। যা কারো জন্যই মঙ্গল নয়।
শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এরআগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালাম কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।