নভেম্বর ২২, ২০২৬ ১৩:৩৯

সোনাগাজীতে পরিবেশ মন্ত্রীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি :

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।
গতকাল শনিবার বিকালে সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বে মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী একটি রাজনৈতিক দলের (আওয়ামীলীগ) কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। দলটি গত ১৭বছর জোরপূর্বক ক্ষমতায় থাকাকালে মানুষের স্বাধীনতা, মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা হরণ করেছে। এসময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন, গ্রেফতার ও জেল-জুলুম চালানো হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ‘নিষিদ্ধ দলের কেউ যেন আইন ভঙ্গ করে দেশে অশান্তি সৃষ্টি করতে না পারে। কেউ এমন চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করছেন। কিন্তু তারা দেশে অশান্তি সৃষ্টি করে সরকারের কাজে বিঘ্ন ঘটাতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও অশান্তি প্রতিরোধে সতর্ক থাকতে হবে।’
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আলমগীর হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা ও যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার।
এসময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!