নভেম্বর ১৮, ২০২৬ ১২:৫৩

এসপি প্রত্যুষ কুমারের দায়িত্বকালীন ৫মাস, কেমন ছিল ফেনীর আইনশৃঙ্খলা


* ৫ মাসে নিষিদ্ধ আ’লীগের মিছিল ছিলো চোখে পড়ার মত
* বদলির আদেশের পরও দুই ওসি রদবদল
* তার সিন্ডিকেটের কয়েক সদস্যকে ফেনী থেকে গোপালগঞ্জ নেয়ার প্রক্রিয়া
* ব্যাপক চুরি, ডাকাতি, খুন, দস্যুতা
* মহিপালে ছাত্র হত্যা মামলার চার্জশীট থেকে প্রকৃত আসামীকে বাদ দেয়ার চেষ্টা


সময় রিপোর্ট : চলতি বছরের ১৫জুন ফেনীর পুলিশ সুপার যোগদান করেন প্রত্যুষ কুমার মজুমদার। যোগদানের দিন সকালেই প্রথম জেলা শহরে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ। সেদিন থেকে ১৫নভেম্বর পর্যন্ত আ’লীগ ও ছাত্রলীগের ব্যানারে অন্তত ডজনখানেক মিছিল করে। সবশেষ গত বুধবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে ঘিরে ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও গিরিশ অক্ষয় একাডেমিতে তালা দেয়ার ঘটনা ঘটে। এনিয়েও পুলিশ প্রশাসন থেকে দেখা যায়নি তেমন কোন তৎপরতা। অনেকের দাবি, প্রত্যুষকে ম্যানেজ করে মিছিলের আয়োজন করতো আওয়ামীলীগ। এছাড়া ৫মাসের দীর্ঘ এ সময়ে জেলার ৬উপজেলায় আইনশৃঙ্খলা উন্নতির চেয়ে পূর্বের দেড় বছরের তুলনায় আরও নাজুক ছিলো। কয়েকটি হত্যাকান্ড ছাড়াও চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, দস্যুতাও হয়েছে রেকর্ড পরিমান। মাদকে সয়লাব ছিলো পুরো জেলা। সম্প্রতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ব্যপক তান্ডবের পর ফেনী থেকে প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলী করা হলে তাকে নিয়ে নানামুখি আলোচনা সমালোচনা শুরু হয়।

জানা যায়, ফেনী সদরে পুলিশ সুপার প্রত্যুষ এর যোগদানের প্রথম দিন ১৫জুন জহিরিয়া মসজিদ সংলগ্ন ডাক্তার পাড়ার একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এদিকে ১০আগষ্ট শহরতলীর ফতেহপুর এলাকায় মোফাদুল ইসলাম ইয়ামিন নামে এক তরুণকে ছিনতাইকারীরা হত্যা করে। ওই ঘটনায় ব্যবহৃত সিএনজি এখনও উদ্ধার হয়নি। হত্যাকান্ডটিকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয় পুলিশ। ১৯ আগস্ট শহরের মহিপালে মোহাম্মদ নুরুজ্জামান নামে এক প্রবাসীর বাসায় দিন-দুপুরে তার স্ত্রীকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। সেখানে ১৪ ভরি স্বর্ণ ও ১০লাখ টাকা লুট করা হয়। সে ঘটনায় এখনো প্রকৃত আসামিদের গ্রেফতার করা হয়নি। এছাড়া সদর উপজেলায় ১২সেপ্টেম্বর মধ্যম ধলিয়ায় ৫বাড়ীতে ডাকাতি, ১৩ সেপ্টেম্বর পুলিশ কোয়ার্টার এলাকায় বাসা থেকে চার ভরি স্বর্ণ ও ৭০হাজার টাকা চুরি, ১৫ সেপ্টেম্বর ট্রাংক রোডের জয়কালী মন্দিরে জেলা কালচারাল কর্মকর্তা সুদীপ্তা চক্রবর্তীর গলার স্বর্ণের চেইন ছিনতাই এর চেষ্টা, ২৬ অক্টোবর ২৫০শয্যা ফেনী জেনারেল হাসপাতালে বিদ্যুৎ সাবস্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের যন্ত্রাংশ চুরি ও ২৮ অক্টোবর মা ও মেয়েকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া ফেনী শহরতলীর লালপোল থেকে শুঁটকি বোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাই এর ঘটনা ঘটে। পরে এ ঘটনায় তা উদ্ধার করে ৪জনকে গ্রেফতার করা হয়।

দাগনভূঞা উপজেলায় ৫ সেপ্টেম্বর স্বামীকে আটক রেখে স্ত্রীকে লাঞ্চিত ও ১২নভেম্বর জায়লস্কর ইউনিয়নের বারাহীগুনী গ্রামের মোল্লাঘাটা বাজার সংলগ্ন শেখ আহাম্মদ মিয়ার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। সেখানে পরিবারের ১০সদস্যকে জিম্মি করে ২০ভরি স্বর্ণ ও ৫০হাজার টাকা লুটের ঘটনা ঘটে। সোনাগাজীতে ২৯জুন ডাকাতির ঘটনা ঘটে। সেখানে ডাকাতির ঘটনার মামলায় বিএনপির নয় নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। এছাড়া ২ নভেম্বর একই উপজেলায় মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাও ঘটে।
ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে ২৩ অক্টোবর ছিনতাই ও হত্যার ঘটনা ঘটে। সেখানে প্রথমে বাংলা বাজারসংলগ্ন এলাকায় অটোরিকশাচালক আবদুল হক (৪৫) হামলার শিকার হন। সে সময় তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নেয়া হয়। পরে ২৪ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ১৯ অক্টোবরে একই ইউনিয়নের হরিপুর দীঘিতে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে শাহ কফিল উদ্দিন (৫৬) হামলার শিকার হন। ৬দিন পর ২৫ অক্টোবর তার মৃত্যু হয়। এছাড়া ফুলগাজীতে ২২ সেপ্টেম্বর গরু চুরির ঘটনা ঘটে। সেখান একটি খামারের তালা কেটে ৭টি গরু চুরি হয়। অপরদিকে জেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনাও ঘটেছে অহরহ। জেলা এখন পর্যন্ত শতাধিকের বেশি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

এছাড়া পুলিশ সুপার প্রত্যুষ এর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ৪ আগস্ট মহিপালে ছাত্র হত্যা মামলার শহীদ ওয়াকিল আহমেদ সাকিব হত্যা মামলার চার্জশিট গঠনের প্রক্রিয়ায় বড় অঙ্কের বিনিময়ে সেখানে সরাসরি জড়িত আ’লীগের অনেক নেতাদের বাদ দেয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠে। পরে একাধিক গোয়েন্দা সংস্থার নজরে আসার পর ওই মামলার চার্জশিট পিছিয়ে যায়। মহিপালের গণহত্যার ঘটনায় আহতদের মামলায়ও আ’লীগের অনেক নেতাকর্মীকে বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি ফেনীতে যোগদানের পর পুলিশ লাইন মসজিদের ইমামকে বাদ দেয়ার অভিযোগ রয়েছে।

এদিকে ১৫ নভেম্বর বদলী আদেশের পরদিন ১৬নভেম্বর ফেনী ত্যাগের আগে পরশুরাম ও ছাগলনাইয়া থানার ওসি রদবদল করেন প্রত্যুষ কুমার মজুমদার। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহেরকে পরশুরাম থানায় ও পরশুরাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশ্রাফুল ইসলামকে ছাগলনাইয়া থানায় বদলি করা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে সমালোচনার ঝড় উঠে। অভিযোগ রয়েছে প্রত্যুষ কুমার যোগদানের পর জেলা দুই থানার অফিসার ইনচার্জ বদলীতে মোটা অংকের অর্থের লেনদেন হয়।

ফেনীতে বদলী আদেশের সঙ্গে সঙ্গে তার ঘনিষ্ট হিসেবে পরিচিত বেশ কয়েকজন পুলিশ সদস্যকে তিনি ফেনীতে বদলীর ব্যবস্থা করেন। একইভাবে গোপালগঞ্জ বদলী আদেশের সঙ্গে সঙ্গে এদের মধ্য থেকে মৃন্ময় বিশ্বাস, মো. আলামিন মিঞা, সাধন চন্দ্র দে ও পাপেল চন্দ্র শীলসহ অন্তত ৮জনকে সোমবার ঢাকা রেঞ্জে বদলী করা হয়। যাদের গোপালগঞ্জে বদলী প্রক্রিয়াধিন বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। অন্যদিকে তিনি ফেনী যোগদান করেই তার অপছন্দের কয়েকজন পুলিশ সদস্যকে অন্যত্র বদলী করে দেন।

ওই সূত্র আরও জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে প্রত্যুষ কুমার ছাত্রদলের জগন্নাথ হল শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতির পরিচয়ে সরকারের সুবিধা ভোগ করলেও ইতিমধ্যে পুলিশ সুপার হিসাবে নারায়নগঞ্জ ও ফেনীতে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ।

গণমাধ্যমকর্মী শফিউল্লাহ রিপন বলেন, ‘গত ৫মাসে আইনশৃঙ্খলার কোন উন্নতির বদলে বরং অবনতি হয়েছে। জেলায় চুরি-ডাকাতি, ছিনতাই-চাঁদাবাজি অন্য সময়ের তুলনায় বেশি হয়েছে। উল্লেখিত সময়ের চিত্র দেখলেই বুঝা যায় ফেনীর আইনশৃঙ্খলা কেমন ছিলো।’

ইয়ুথ জার্নালিস্ট ফোরামের জেলা সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম বলেন, ‘আইনশৃংঙ্খলার দৃশ্যমান কোন উন্নতি হয়নি। বরং আমরা দেখেছি, বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি ও ছিনতাই এর মত ঘটনাগুলো বেড়েছিলো। যদি পুলিশ প্রশাসনের চেষ্টা আরো ভালো থাকতো তাহলে সামগ্রিক পরিস্থিতি উন্নতি হতো।’

এনসিপির জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, খোলা চোখে দেখলে মনে হতে পারে যে ফেনীতে সফলতার পরিচয় দেয়া একজন এসপিকে গোপালগঞ্জে আ’লীগের নৈরাজ্য মোকাবিলার দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে। এ ধারণাটি মূলত আ’লীগের তৈরি করা ন্যারেটিভ। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার কি জেনে শুনে আ’লীগের এই ন্যারেটিভে পা দিয়েছে? নাকি আ’লীগের ভেরিফায়েড পেজে পোস্ট করানো, এসপি প্রত্যুষকে সফল এসপি হিসেবে তুলে ধরা, এরপর ডিসেম্বরকে সামনে রেখে তাকে গোপালগঞ্জে বদলি করা। ঘটনার আড়ালে অন্য কোনো পরিকল্পনা কাজ করছে নাতো? এটি কি শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের কোনো সুদূর প্রসারী খেলা?।’

জেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বললে তারা নাম প্রকাশ করে এসপি প্রত্যুষ কুমার প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হননি। তবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিপি মেজবাহ উদ্দিন খান বলেন, এসপি প্রত্যুষ কুমার একজন পেশাদার ও মানবিক পুলিশ কর্মকর্তা। ফেনী কর্মকালীন সময়ে তিনি ব্যক্তিগত পর্যায়ে কারও ক্ষতি করেননি। জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে তিনি আন্তরিকভাবে চেষ্টা করেছেন। কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের তৎপরতা এসময়ে চোখে পড়ার মতো ছিলো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!