মার্চ ৬, ২০২৬ ০৭:১৩

তাকিয়া রোডে ‘বিসমিল্লাহ মিলে’ যেভাবে তৈরি হচ্ছে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া

শহর প্রতিনিধি :

ফেনী শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমির পাশে ‘বিসমিল্লাহ মিল’ এ চালের ভাঙ্গা খুদ, কুড়া ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি করে আসছিল। এখানে গত বুধবার রাতে র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের সদস্যরা অন্তত দেড় হাজার কেজি রাসায়নিক মেশানো ভেজাল মসলাসহ ব্যবসায়ীকে গ্রেফতার করলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র‌্যাব জানায়, ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল রাত ১২টার দিকে সেখানে অভিযান চালায়। ঘটনা বুঝতে পেরে তাদের দেখে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

আটক মো: সাঈদ হোসেন (৩৫) সোনাগাজী উপজেলার ছড়াইতকান্দি এলাকার মৃত আবদুর রউফের ছেলে। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর মিল ঘরের ভেতর তল্লাশি করে ৩২টি সাদা প্লাস্টিকের বস্তায় রং ও খুদ মেশানো দেড় হাজার কেজি ভেজাল হলুদ-মরিচের গুঁড়া উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাঈদ র‌্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে অসৎ উপায় অবলম্বন করে সে বিভিন্ন মসলাসহ হলুদ-মরিচের গুঁড়ার সঙ্গে চালের ভাঙ্গা খুদ, কুড়া ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশায়।
র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক আসামি ও উদ্ধার ভেজাল মসলা সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে বৃহস্পতিবার ভোরে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা সূত্র জানায়, এ ব্যাপারে মামলা করে আটক ব্যাক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন