নিজস্ব প্রতিনিধি :
ফেনী সদরের কালিদাস পাহালিয়া নদীর উপর ১৯৯০ সালে নির্মিত সেতু ও সংযোগ সড়কে বৃষ্টির পানিতে ফাটলের স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে তিনি সেতুর ফাটলের স্থান ও সংযোগ সড়ক ঘুরে দ্রুত সংস্কারে স্থানীয়দের আশ্বাস দেন। একইসঙ্গে উপস্থিত পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহনের নির্দেশ প্রদান করেন।
এসময় পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মো: আক্তার হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) রোমেল শর্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী অলক দাস, সেকশন অফিসার আবু মুসা রকি, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী রবিউল আলম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম, নবাবপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার ও নবাবপুর ইউনিয়নের বাসিন্দা কেফায়েত শাকিল গত ১৮ জুন নবাবপুর সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন। পোস্টটি দেখার কিছুক্ষণ পরেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নিজেই যোগাযোগ করেন কেফায়েত শাকিলের সঙ্গে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তার নির্দেশে বৃহস্পতিবার দুপুরেই পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সরকার বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেতুটি রক্ষায় তাৎক্ষণিক করণীয় নির্ধারণে কাজ শুরু করেন।