মার্চ ৬, ২০২৬ ০৭:০৪

বল্লামুখা পরিদর্শনে দুর্যোগ সচিব, বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি :
পরশুরাম উপজেলার নিজকালিকাপুর এলাকায় বল্লামুখা বাঁধ পরিদর্শন করেছেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের সচিব মো: মোস্তাফিজুর রহমান। গতকাল সোমবার দুপুরে তিনি ভারত-বাংলাদেশ সীমান্তে নির্মানাধীন এ বাঁধ পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বল্লামুখা বাঁধ পরিদর্শনে গেলে উপস্থিত সাংবাদিক ও এলাকাবাসী সচিবের কাছে বাঁধ নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেন। জিও ব্যাগে মাটি কম দেয়া, স্থানীয় কৃষকদের জমি থেকে মাটি নিয়ে টাকা পরিশোধ না করা, কোন কোন জমির মালিককে নামমাত্র মূল্য এক একর জমির মাটি নিয়ে ২০ হাজার টাকা পরিশোধ করা সহ নানা অভিযোগ তুলে ধরা হয়। এছাড়া জমির মালিকের অনুমতি না নিয়ে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তারা। অনিয়মের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দায়ী করা হয়।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সচিব মো: মোস্তাফিজুর রহমান বলেন, জিও ব্যাগে মাটি কম দেয়া ঠিক না। এটা আপনাদের এলাকা। কাজ ভালোমন্দের বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। স্থানীয় প্রশাসনের সাথে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলে এগুলো ঠিক করতে হবে। নোম্যান্স ল্যান্ড আন্তর্জাতিক বিষয়। এখানে কাজ করতে সরকারের সকল নিয়ম মেনে করতে হয়। সকলকে এ কাজে সহযোগিতা করতে হবে। বাঁধের প্রকল্পটি সরকার এককভাবে বাস্তবায়ন করবে ও পূর্বের বাঁধের চেয়ে আরো স্থায়ী বাঁধ নির্মাণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনের সময় ত্রান ও দূর্যোগ অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, সচিবের একান্ত সচিব সোহেল রানা, ৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোশাররফ হোসেন, পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. আকতার হোসেন মজুমদার, এলজিইডি ফেনীর নির্বাহী প্রকৌশলী মো: মাহমুদ আল ফারুক, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন