মার্চ ৬, ২০২৬ ১৭:৫৭

লস্করহাটে চাঁদা না দেয়ায় দুই ব্যবসায়ীকে কোপালো বিএনপি কর্মী

সদর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাটে চাঁদা না দেয়ায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে মো. কিবরিয়া নামে এক ব্যক্তি। গতকাল শনিবার সকাল ১১টায় লস্করহাটের মাছ বাজারের সামনে এঘটনা ঘটে। কিবরিয়া বিএনপির স্থানীয় পর্যায়ের কর্মী হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকাল ১১টার দিকে লস্করহাটের মাছ বাজারে মো. হানিফের কাছে ১ হাজার ৫শ টাকা চাঁদা চাইতে যায় মো. কিবরিয়া। চাঁদার টাকা দিতে অসম্মতি প্রকাশ করলে কিবরিয়া পাশের মাংস দোকান থেকে দেশীয় ধারালো চাপাতি নিয়ে হানিফকে কুপিয়ে জখম করে। পরে হানিফকে বাঁচাতে আসলে তার ভাই মাছ ব্যাবসায়ী মো. শাহ আলমকে মাথায় কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। কিবরিয়া ওই ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুরের সফর আলী হরদার বাড়ীর মমতাজুল হকের ছেলে।

ভুক্তভোগীয়রা জানান, মো. কিবরিয়া লস্করহাট বাজারের বিভিন্ন অস্থায়ী দোকান থেকে নিয়মিত চাঁদা তুলে আসছে। চাঁদা দিতে অপারগতা জানালে ব্যবসায়ীদের মারধর ও হুমকি-ধামকি দেন।

ফেনী মডেল থানার ওসি সামছুজামান জানান, এ ঘটনায় মো. হানিফ বাদী হয়ে ফেনী মডেল থানায় কিবরিয়াকে প্রধান আসামী করে অজ্ঞাত দুই-তিন জনের নামে মামলা দেয়া হয়।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, চাঁদাবাজ বিএনপির কোন পর্যায়ের কর্মী-সমর্থক হলেও ছাড় পাওয়ার সুযোগ নেই। দলের পরিচয় বহন করে অপকর্মের সত্যতা পেলে জেলা বিএনপির পক্ষ থেকে মামলা করা হবে। যে দলেরই চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন