মার্চ ৬, ২০২৬ ১০:২০

এবার এনসিপিতে সক্রিয় হওয়ার চেষ্টা শুভর, সমালোচনার ঝড়


শহীদুল ইসলাম :
তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে স্থান পেতে মরিয়া হয়ে উঠেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক পদ থেকে বহিস্কৃত ওমর ফারুক শুভ। গত বেশ কিছুদিন আড়ালে থাকলেও এনসিপির পদযাত্রা কর্মসূচীকে ঘিরে তৎপর হয়ে উঠে শুভ। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

এনসিপি নেতারা জানান, শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এনসিপির পদযাত্রা উপলক্ষ্যে ফেস্টুন লাগিয়েছে শুভ। নেতাদের নজরে পড়লে কর্মসূচীর আগের রাতে তার ফেস্টুন সরিয়ে নেয়া হয়। ওইদিন গভীর রাতে বিশালাকৃতির বিলবোর্ডে ব্যানার লাগানোর চেষ্টা করলে বাধার মুখে পড়ে। একপর্যায়ে ওই ব্যানারটি শহীদ শহীদুল্লা কায়সার সড়কের হোটেল বেষ্ট ইনের সামনে লাগানো হয়। এতে তার নামের নিচে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক উল্লেখ করলেও কমিটিতে তার নাম নেই। এছাড়া নিজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক দাবী করলেও শুভ সহ-সমন্বয়ক ছিলেন বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানান।

সূত্র আরো জানায়, সোমবার দুপুর থেকে শহীদ মিনারে এনসিপির নেতারা জড়ো হলেও শুভকে দেখা যায়নি। বিকালে আবদুল্লাহ আল জোবায়ের ও আবদুল কাইয়ুম সোহাগের নেতৃত্বে এবং মুহাইমিন তাজিমের নেতৃত্বে পৃথক দুটি মিছিল শহীদ মিনারে প্রবেশ করে। রাজধানীর উত্তরায় বিমান দূর্ঘটনার কারণে পদযাত্রা কর্মসূচী স্থগিতের পর লোকজন শহীদ মিনার ত্যাগ করেন। এর কিছুক্ষন পর কিছু অনুসারী নিয়ে মিছিল সহকারে শহীদ মিনারে প্রবেশ করে শুভ। শুক্রবার এক প্রস্তুতি সভায়ও তার অংশগ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

আসিফ মাহমুদ নামে একজন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার ও গ্রেফতার হওয়া নেতা যখন জেল থেকে বের হয়ে আবার নিজেকে নেতা দাবি করে। প্রশ্ন হচ্ছে কার শেল্টারে সে নিজেকে নেতা দাবি করে। এটি এনসিপি ও বিপ্লবীদের জন্য কলঙ্ক।”

আসাদুল করিম নামে আরেকজন লিখেন, “ফেনী জেলায় পোস্ট পায় কেমনে এই চাঁদাবাজ? এতো বড় একটা ব্যানার কিভাবে লাগায়? ছোট ছোট ফেস্টুনও দেখলাম ট্রাঙ্ক রোডের মোড়ে। মেসেজ টা কি? চুরি-চামারি চালায় যাও আর জেল থেকে বের হয়ে পদ বুঝে নাও। বিএনপি নিয়েতো তার অনেক পোস্ট দেখি, এখন এইটা কি?”

ওরাকা বিন বাসার নামে আরেকজন লিখেন, “ও যদি এনসিপির নেতা হয় এনসিপির জন্য সমবেদনা ছাড়া আর কিছুই নেই। জয় চাঁদাবাজের জয়।”

এনসিপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য এহসানুল মাহবুব জোবায়ের ফেনীর সময় কে বলেন, “ওমর ফারুক শুভর বিষয়ে চাঁদাবাজির যে অভিযোগে একটা মামলা হইছে। ওই অপরাধে সে জেলেও ছিল বেশ কিছুদিন। বাদি মামলা তুলে নিয়েছে এবং সে এখন আর ওই মামলার নথিভুক্ত আসামি না। একটা মানুষ ভুল করতে পারে যার জন্য সে ইতোমধ্যে শাস্তি ভোগ করেছে। এখন সে যদি কৃতকর্মের জন্য অনুশোচনা করে এবং ভবিষ্যতে এরকম ভুল না করার ব্যাপারে কমিটমেন্ট দেয় তাহলে সে আসতে পারে।”

এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত ফেনীর সময় কে বলেন, “এটি স্পষ্ট যে আমাদের দলে কোনো চাঁদাবাজের স্থান হবে না। যেহেতু এখনো কোনো কমিটি হয়নি তাই উৎসুক অনেকেই আমাদের পদযাত্রা প্রোগ্রামে নিজেদের প্রচার-প্রচারণা করেছে। এই ব্যাপারটি আমাদের নজরে এসেছে। আমরা ফেনীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ খোঁজ নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবো।”

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী ফেনীর সময় কে বলেন, “শুভকে এনসিপিতে জায়গা দেয়ার ব্যাপারে ব্যক্তিগতভাবে আপত্তি রয়েছে। ইতিমধ্যে বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে।”

জনাতে চাইলে ওমর ফারুক শুভ ফেনীর সময় কে বলেন, “ফেসবুকে ছিলাম না। এরকম কিছু চোখে পড়েনি। এ ব্যাপারে বিস্তারিত দেখা করে মতামত জানাবো।”
ফেনী আলিয়া মাদরাসার অধ্যক্ষ পদ থেকে বরখাস্ত হওয়া মাহমুদুল হাসানের কাছে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভীর নাম ভাঙিয়ে ওমর ফারুক শুভর চাঁদা দাবির অডিও রেকর্ড ফাঁস হয়। চলতি বছরের ৩১ জানুয়ারি প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির অভিযোগে গ্রেফতারের পর কারাভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন