নিজস্ব প্রতিনিধি :
সোনাগাজীতে যৌতুকের দাবিতে স্ত্রী খাইরুন নাহার পিনুকে (২২) শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মাঈন উদ্দিনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এএনএম মোর্শেদ খান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত মাঈন উদ্দিন পূর্ব চরসাহাভিকারী এলাকার আবদুস শুক্কুরের ছেলে। পিনু একই উপজেলার পূর্ব তুলাতুলী এলাকার মো: নুরুন নবীর মেয়ে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১ মে মাঈন উদ্দিন ও পিনুর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য পিনুকে নির্যাতন করে আসছিলেন মাঈন উদ্দিন। ২০১৭ সালের ২৪ জুলাই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় পিনুর ভাই বেলায়েত হোসেন বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে সোনাগাজী মডেল থানার এসআই তাজুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর মাঈন উদ্দিন, তার মা অহিদের নেছা, ভাই জসিম উদ্দিন, আমেনা বেগম কাজল, নুরজাহান বেগম লাকি আক্তার, জীবন আরা বেগম ও দেলোয়ার হোসেন সাগরকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করেন আদালত। মামলার ১০ জন্য সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে মাঈন উদ্দিনকে যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা এবং অপর আসামীদের বেকসুর খালাস দেয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) সাহাবউদ্দিন আহমেদ জানান, মাঈন উদ্দিন তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে মর্মে আদালতে প্রমাণিত হয়েছে। মামলার অন্য ৬ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।