করেরহাটে বিওপি উদ্বোধনে বিগ্রেডিয়ার সোহেল
এম মাঈন উদ্দিন, মিরসরাই :
বিজিবির চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের, রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেছেন, সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ কর্তৃক কোন ধরনের পুশ ইন সহ্য করা হবেনা। বাংলা ভাষাভাষি ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশী আখ্যা দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা কোনভাবেই মেনে নেয়া হবেনা। তিনি বলেন, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের যেসব জায়গায় সীমান্তে কাঁটা তাঁরের বেড়া দেয়া হয়নি সীমান্তবর্তী সে সব জায়গা দিয়ে পুশইনসহ সকল প্রকার সীমান্ত চোরাচালান কঠোর হাতে দমন করা হবে। পুশইন, সীমান্ত চোরা চালান, মাদক, গরু পাচারসহ সীমান্তে সকল প্রকার অপরাধ দমনে বিজিবি সর্বদা বদ্ধ পরিকর।
রবিবার মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছোট ফরিংগা বিওপি উদ্বোধনকালে এসব কথা বলেন। এসময় বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার, কর্নেল মো. মিজানুর রহমান, রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লে: কর্নেল মো: আহসান উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মিরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্ত ফাঁড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে ফেনী নদীর তীরবর্তী ছোট ফরিঙ্গা নামক দুর্গম পাহাড়ী এলাকায় ৪৩ বিজিবির আওতায় ১২তম এ নতুন বিওপিটি উদ্বোধন করা হয়। এটি স্থাপনের ফলে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বদ্ধ, ঘেরামাড়া, ছোট ফরিঙ্গা, ফটিকছড়ির বাগান বাজার ও দাঁতমারা ইউনিয়নের প্রায় ৫ কিলোমটিার সীমান্তবর্তী এলাকা নিরাপত্তার আওতায় এসেছে। ছোট ফরিংগা বিওপিটি উদ্বোধনের ফলে এই দূরত্ব লাঘব হবে এবং এলাকার সার্বিক নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ করা রামগড় ব্যাটালিয়ন (৪৩) বিজিবি’র আরো জন্য সহজ হবে বলে জানান বিজিবির কর্মকর্তারা। বিগত এক বছরে সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধকল্পে ছোট ফরিংঙ্গা বিওপিসহ সর্বমোট ১০টি নতুন বিওপি স্থাপন করা হয়েছে।
এদিকে ফেনী নদীর তীরে সীমান্তবর্তী দুর্গম এই পাহাড়ি এলাকায় ছোট ফরিঙ্গা বিওপিটি স্থাপনের ফলে সীমান্ত এলাকায় বসবাস কারীদের নিরাপত্তা আরো একধাপ নিশ্চিত হয়েছে দাবী এই স্থানীয় বাসিন্দারা।