মার্চ ৬, ২০২৬ ০৮:২৭

সরকারি মিডিয়া তালিকাভুক্ত হলো দৈনিক ফেনীর সময়

সময় রিপোর্ট :
ফেনী থেকে প্রকাশিত পাঠক নন্দিত দৈনিক ‘ফেনীর সময়’ পত্রিকা সরকারি মিডিয়া তালিকাভুক্ত (ডিএফপি) হয়েছে। এর মধ্য দিয়ে দমন-নিপীড়ন কাটিয়ে বিগত ১৬ বছর ৫ মাসের অপেক্ষার অবসান ঘটেছে।

গতকাল রবিবার তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ রাশেদুজ্জামান স্বাক্ষরিত পত্রে পত্রিকাটি মিডিয়া তালিকাভুক্ত করাসহ সরকারি বিজ্ঞাপনের হার নির্ধারণ পূর্বক পত্র জারি করা হয়। ২০০৯ সালের ১৭ জুন থেকে ‘এগিয়ে থাকার প্রত্যয় ‘স্লোগান নিয়ে দৈনিক ফেনীর সময় পত্রিকাটি মোহাম্মদ শাহাদাত হোসেনের সম্পাদনায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। দল-মতের ঊর্ধ্বে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ফলে পত্রিকাটি এখন বৃহত্তর নোয়াখালীর সর্বাধিক জনপ্রিয় ও পাঠকনন্দিত। তবুও সরকারি মিডিয়াভুক্ত করার জন্য আবেদনে সাড়া দেয়নি কর্তৃপক্ষ । এর মধ্যে বিভিন্ন সময় পত্রিকাটির ডিক্লারেশন বাতিল দাবি ও সম্পাদকের বিরুদ্ধে আদালতে অন্তত দুই ডজন মামলা হয়। অনেক ঘাত-প্রতিঘাত সয়ে আজ দৈনিক ফেনীর সময় সরকারি মিডিয়াভুক্ত।

সরকারি মিডিয়াভুক্তির ফলে এখন থেকে দৈনিক ফেনীর সময় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থাসমূহের বিজ্ঞাপন প্রকাশ করা যাবে। দৈনিক ফেনীর সময় কে সরকারি মিডিয়া তালিকাভুক্ত করায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, “এর মধ্যদিয়ে দৈনিক ফেনীর সময় নতুন উদ্দীপনা নিয়ে আরও এগিয়ে যাবে । অতীতের ধারাবাহিকতায় এ জনপদের আপামর মানুষের সুখ দুঃখ আরও বলিষ্ঠ ভাবে তুলে ধরবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন