শহর প্রতিনিধি :
রিভিউ চাওয়ার কারণ জানালেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। গতকাল সোমবার গণমাধ্যমকে আলাল বলেন, “আমরা দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে রিভিউ চাইনি। আমরা দলের সিদ্ধান্ত মেনেই রিভিউ চেয়েছি। রিভিউ চাওয়ার মূল কারণ হলো বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ওনার (জয়নাল আবেদিন ভিপি) কোন ভুমিকা নেই। আমরা শতাধিক মামলার আসামি পর্যন্ত হয়েছি। আমাকে ধরতে না পোরে আমাদের কাজের ছেলেকে পর্যন্ত নিয়ে গিয়েছে। আমার বাড়ীঘর ভাঙা হয়েছে। আমাকে কিভাবে নির্যাতন করা হয়েছে তার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। এদিক থেকে উনি নিরাপদ ছিলেন।”
আলাল উদ্দিন আলাল আরো বলেন, “বার্ধক্য উনাকে গ্রাস করছে। উনাকে উনার আশপাশে একটা গ্রুপ একত্র হয়ে উনাকে প্রার্থী করে রেখেছে। আপনি উনাকে প্রশ্ন করলে তারা উত্তর দিচ্ছে। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মত ওই অবস্থা উনার নাই। আমরা দলকে বুঝাতে চাচ্ছি, উনাকে যদি এভাবে মাঠে নামানো হয় তাহলে প্রতিপক্ষ আমাদেরকে তছনছ করে দিবে। আমি দলের কাছে আহবান জানাবো দলের কেউ অথবা মির্জা ফখরুল ইসলাম উনার সাথে ৫ মিনিট কথা বলবে। উনি যদি উত্তর দিতে পারে এবং উনার কথার মধ্যে অসংগতি না থাকে তাহলে আমি মেনে নিবো। উনাকে নিয়ে এখানে একটা চক্র একত্র হয়েছে। বিশেষ করে একটি রাজনৈতিক চক্র একত্র হয়েছে।”