মার্চ ৬, ২০২৬ ০৫:৪৬

নির্বাচনের দিন ধানের শীষ ছাড়া অন্য কিছু যেন না দেখা যায় -আবদুস সালাম

খালেদা জিয়ার আসনে উঠান বৈঠকে

  • বিএনপি সরকার গঠন করলে প্রথমে এই বেড়িবাঁধ, জনগণ যেভাবে চায় ওভাবেই হবে
  • এখনো সময় আছে বেগম খালেদা জিয়ার হাত-পা ধরে ক্ষমা চেয়ে জামায়াত প্রার্থীতা প্রত্যাহার করবে

নিজস্ব প্রতিনিধি :
পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়াকে বাঁচাতে স্থায়ী বাঁধ নির্মাণে মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর সীমান্তে ব্যতিক্রম অনুষ্ঠান হয়েছে। গতকাল সোমবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম। পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

আবদুস সালাম বলেন, আমরা মাটির মানুষ, মাটিতে বসতে ভালোবাসি। জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করেছেন এদেশের মানুষের পাশে থাকার জন্য।আওয়ামীলীগ দেশকে গত ১৫ বছর বারোটা বাজিয়ে দিয়েছে। এখন ভারতে বসে কলকাঠি নাড়ছে। কলকাঠি নেড়ে কোন লাভ নেই। বিএনপি জনগণের দল। জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায়। ভোট চুরি করে নয়। আমাদের নেতা তারেক রহমান ৫ আগষ্টে ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতো, কিন্তু নেয়নি। হাসিনা না শুনলেও মোদি শুনবে। তুমি যতই চল-চাতুরী করো না কেন তোমার আওয়ামী লীগ কে জনগণ আর খাবে না।

বেড়িবাঁধ প্রসঙ্গে সালাম বলেন, খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে তারেক রহমানের ছোট ভাই মজনু সব দায়িত্বে আছে। বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে প্রথমে এই বেড়িবাঁধ জনগণ যেভাবে চায় ঐভাবেই হবে। কারণ আমরা জনগণের দলের অন্তর্ভুক্ত। যেখানে আমাদের নেতা তারেক রহমান আপনাদের বলেছে মা যখন দরকার মনে করবে ছেলে যোগ্য তখনই ক্ষমতা হস্তান্তর করা হবে যোগ্য ছেলে মজনুর হাতে। কোন কারণে বেড়িবাঁধ পুননির্মাণ না হলে প্রয়োজনে আন্দোলন করব।
তিনি আরো বলেন, বিএনপির সাথে বেশি খেলা খেলা কইরেন না। বিএনপি খেলায় নামতে চায় না, বিএনপি-আওয়ামী লীগ এক নয়। সুষ্ঠুভাবে নির্বাচন করা সরকারের দায়িত্ব। কিন্তু গণভোট ও পিআরের নামে নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র চলছে।

শেষে বেড়িবাঁধ পুননির্মাণ দাবীতে মশাল মিছিল করা হয়। এ আয়োজনের মুল উদ্যোক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য কামরুল হাসান।

এর আগে দুপুরে পরশুরাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুথুমায় বিএনপির আয়োজনে ‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন ও বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষের প্রচারণা শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এখানে প্রধান অতিথির বক্তব্যে ‎আবদুস সালাম বলেন, আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার বিপক্ষে কেউ দাঁড়াবে না। তারপরেও কেউ যদি দাঁড়ায় সে জামানত হারাবে।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে এ বিএনপি নেতা বলেন, খালেদা জিয়া আপনাদের মন্ত্রী বানিয়েছেন, খালেদা জিয়ার আমলে ব্যবসা-বাণিজ্য করে অনেক টাকাপয়সা, ব্যাংকের মালিক হয়েছেন। জামায়াতের লজ্জা থাকা উচিত বেগম খালেদা জিয়ার আসনে তারা প্রার্থী দিয়েছেন।

তিনি বলেন, এখনো সময় আছে বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে হাত-পা ধরে তার কাছে ক্ষমা চান। আমরা আপনাদের সাথে নির্বাচন করতে ভয় পাইনা। নির্বাচনে আপনাদের জামানত থাকবে না। দু:সময়ে আপনাদের পাশে বেগম খালেদা জিয়া ছিলো। আজকে সেই বেগম খালেদা জিয়াকে নির্বাচনের চ্যালেঞ্জ দেন। তা না হলে প্রার্থী কেন দিয়েছেন। আমি বিশ্বাস করি জামায়াত আমাদের কথাগুলো শুনবে এবং তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে।‎ নির্বাচনের দিন এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে ধানের শীষ ছাড়া অন্য কিছু না দেখা যায়। সবাই সেদিন কর্মী হয়ে যাবেন। নেতার কোন দরকার নাই।

পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার। বৈঠকে দলীয় নেতাকর্মী ছাড়াও কয়েকশ নারী উপস্থিত ছিলেন।

‎এর আগে সকাল থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বাসা-বাড়িতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন রফিকুল আলম মজনু ও স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন