মার্চ ৬, ২০২৬ ১৭:৩৩

মঞ্জুকে আসন ছেড়ে যা বললেন অধ্যাপক লিয়াকত আলী ভূঞা

লিয়াকত স্যার

শহর প্রতিনিধি :

দীর্ঘদিন ধরে ফেনী-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চষে বেড়িয়েছেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা।

দাড়িপাল্লা প্রতীকে প্রচার-প্রচারণা চালালেও আগেরদিন দলের হাইকমান্ডের সিদ্ধান্তে মনোনয়নপত্র জমা দেননি তিনি। জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসাবে তাকে সরিয়ে আমার বাংলাদেশ (এবি) পাটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। এনিয়ে অধ্যাপক লিয়াকত আলী ভূঞা দলীয় নেতকর্মীসহ ফেনীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “আলহামদুলিল্লাহ, আজীবন ফেনীর মানুষে জন্য কাজ করেছি ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। কিন্তু আজ এক বড় জবাবদিহিতার জিম্মাদারী থেকে মুক্তি পেলাম। ২০২৩ সালে সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ফেনী-২ সংসদীয় আসনকে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত তৈরি করার জন্য সাধ্যমত প্রচেষ্টা চালিয়েছি। ব্যক্তি, পরিবার, পেশাগত দায়িত্ব সবকিছুর ঊর্ধ্বে ময়দানে ভূমিকা এবং জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ সকলের আন্তরিক প্রচেষ্টার কারনে ফেনী-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার পক্ষে সকল শ্রেণীর পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে। যা সর্বশেষ জরিপে উঠে এসেছে।

আমি ফেনী-২ (সদর) সংসদীয় আসনের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাকে আপনাদের আপনজন হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছেন।মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সামগ্রিক কল্যান দান করুন, ভালো ও নিরাপদে রাখুন। আগামীতেও আমাদের ভালোবাসা আন্তরিকতা এভাবে অভ্যাহত থাকবে। আমার সাথে এই পথ চলা সকল সহযাত্রীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সময়ে অনেকেই অবর্ণনীয় কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন, রাত জেগে পোষ্টার লাগিয়েছেন, ঘন্টার পর ঘন্টা একসাথে হেঁটেছেন। আল্লাহ রাব্বুল আলামীন সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমার সহযাত্রী সকল বোনদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা জনমত গঠনে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার  করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন আপনাদেরকেও উত্তম জাযা দান করুন। এ সময়ে আমার ইচ্ছা বা অনিচ্ছায় কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমরা সকলেই সংগঠনের সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ আনুগত্য এবং আস্থাশীল। ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করব ইনশাআল্লাহ।

মহান রাব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টা তার সন্তুষ্টি এবং দ্বীন বিজয়ের জন্য কবুল করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন