নিজস্ব প্রতিনিধি :
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে ৩৫ প্রার্থীর ২২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরপারে পাড়ি জমানোয় তাঁর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়। নানা ত্রুটি-বিচ্যুতির কারণে অপর ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। গতকাল রবিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ও তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিএনপি প্রার্থী ঢাকা মহানগর দক্ষিনের আহবায়ক রফিকুল আলম মজনু ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন ছাড়াও ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া, গণমুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার, জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী, খেলাফত আন্দোলনের আনোয়ার উল্যাহ ভূঞার মনোনয়ন বৈধ হওয়ায় চূড়ান্ত প্রার্থী হয়েছেন। এখানে দলীয় প্রত্যয়ন সঠিক না থাকায় খেলাফত মজলিসের নাজমুল আলম, ভূমি উন্নয়ন কর বকেয়া থাকায় বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী ও প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়।
ফেনী-২ (সদর) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মোস্তাফিজুর রহমান ফয়সাল, গণঅধিকারের মো: তারেকুল ইসলাম ভূঁঞা, জেএসডির সামসুদ্দিন মজুমদার, বাসদের জসীম উদ্দিন, খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন, ইসলামী আন্দোলনের মোহাম্মদ একরামুল হক ভূঞা ও স্বতন্ত্র সাইফুল করিম মজুমদারের মনোনয়ন বৈধ হওয়ায় চূড়ান্ত প্রার্থী হয়েছেন। এখানে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থন না থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ইয়াকুব নবী ও এসএম হুমায়ুন কবির পাটোয়ারী, হলফনামায় স্বাক্ষর না থাকায় তাহেরুল ইসলাম, রিটার্ন জমার প্রমান না দেয়ায় মো: হারুনুর রশিদ ভূঞা ও মোহাম্মদ ইসমাইলের মনোনয়ন বাতিল করা হয়।
অপরদিকে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ও ৪ জনের বাতিল করা হয়েছে। বৈধ অন্যরা হলেন মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী, আবদুল মালেক, মো: আবু নাছির, আবু সুফিয়ান, মো: সাইফ উদ্দিন। অপর প্রার্থী মাহবুবুল হক রিপন, মো: হাছান আহমদ, খালেদ মাহমুদ, মোহাম্মদ আলী মিল্লাতের মনোনয়ন বাতিল করা হয়।
রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা বলেন, যেসব প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আগামী ৫ থেকে ১১ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।