মার্চ ৬, ২০২৬ ১৭:৩৬

ফেনী-৩: সম্পদে এগিয়ে মিন্টু, মামলায় মানিক


নিজস্ব প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে সম্পদে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। দেশের বরেণ্য এ শিল্প উদ্যোক্তার সম্পদের পরিমাণ ৫০৭ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭১ টাকা। গত অর্থবছরে দেশের ভেতরে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৮৯০ টাকা। নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, মিন্টু ব্যবসায়িক ও শিল্প মালিকদের সংগঠন এফবিসিসিআই এর সাবেক দুইবারের সভাপতি। তার মালিকীয় মাল্টিমোড গ্রুপ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান। তিনি লাল তীর সিডস্ এর কর্ণধার। এছাড়া ন্যাশনাল ব্যাংক ও প্রগতি ইন্সুরেন্স চেয়ারম্যান। তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল মিন্টু উইমেন এন্টারপ্রেনার এসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া তার তিন ছেলে তাবিথ আউয়াল, তাফসির আউয়াল ও তাজওয়ার আউয়াল পেশায় ব্যবসায়ী। মিন্টু দাগনভূঞা পৌরসভার আলাইয়াপুর গ্রামের বাসিন্দা।


তার হলফনামায় উল্লেখ করা হয়, আবদুল আউয়াল মিন্টু কৃষিখাত থেকে বছরে আয় করেছেন ৪ লাখ ৪৫ হাজার ৯শ, স্থাবর সম্পত্তি থেকে ভাড়া পেয়েছেন প্রায় ২৫ লাখ টাকা, শেয়ার সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে পেয়েছেন সাড়ে ৩৯ লাখ টাকা। পরিচালক পারিতোষিক বাবত পেয়েছেন ৪২ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নগদ অর্থ রয়েছে ১ কোটি ৬লাখ ৩৯হাজার ৬শ ১৬টাকা। বন্ড, ঋণপত্র, স্টোক একচেঞ্জে কোম্পানীর শেয়ার রয়েছে, ১শ ৫১ কোটি ৩ লাখ ৯৯হাজার ৮শ ৩৮টাকা। উত্তরাধিকার সূত্রে ও বিদেশি রেমিটেন্স থেকে প্রাপ্ত সম্পত্তি ১৮ কোটি ২২ লাখ ২৫ হাজার, সঞ্চয়পত্র স্থায়ী আমানত, ডাক সঞ্চয়পত্র এবং ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ রয়েছে ৭৪লাখ টাকা। খেলাপি ঋণ না থাকলেও দেশের ২০টি ব্যাংকে তার ব্যবসায়িক ঋণ রয়েছে।


বিএনপির ভাইস চেয়ারম্যান পদে থাকায় আবদুল আউয়াল মিন্টু বিগত পতিত সরকারের আমলে ২৬টি রাজনৈতিক মামলার আসামী হয়েছেন। এসব মামলায় বিভিন্ন সময় কারাভোগ করেছেন। এরমধ্যে ২৫টি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন