নিজস্ব প্রতিনিধি :
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ অনুমোদনের লক্ষ্যে আয়োজিত গণভোটকে সামনে রেখে সরগরম ফেনী শহর সহ জেলার প্রত্যন্ত এলাকা। সরকারি উদ্যোগে নির্বাচন ও গণভোটের প্রচারণা করায় সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে আশার সঞ্চার হচ্ছে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, শহরের প্রবেশপথ মহিপাল ও ট্রাংক রোডের দোয়েল চত্ত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশালাকৃতির বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
এসব বিলবোর্ডে ২০২৬ সালের নির্বাচন ও গণভোট ভোট প্রদানের জন্য ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সেখানে লেখা রয়েছে ‘দেশের চাবি আপনার হাতে’। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণ করে জেলা প্রশাসক মনিরা হকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং এবং ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের গণভোটের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হচ্ছে।
পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: নবীনেওয়াজ জানান, ইতিমধ্যে প্রায় ৫ হাজার লিফলেট ছাপিয়ে প্রতিটি ওয়ার্ডে বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এলইডি স্ক্রিনে, পোষ্টার সাঁটানো সহ নানামুখী প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মনিরা হক জানান, জেলা ও উপজেলা পর্যায়ে আরো বেশ কিছু বিলবোর্ড লাগানো সহ উদ্যোগ রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সেজন্যই সচেতনতামূলক উদ্যোগ নেয়া হয়েছে।
সুজন- সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির যুগ্ম-সম্পাদক মোর্শেদ হোসেন জানান, এই উদ্যোগের মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়বে। অন্যদিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা আরও সুদৃঢ় হবে।