মার্চ ৬, ২০২৬ ০৭:০৪

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত ফেনী

  • উৎসবের আমেজে নেতাকর্মীরা
  • দুই দশক পর নানার বাড়ি জেলায় আসছেন তিনি
  • বৃহত্তর নোয়াখালীর ১২ আসনের প্রার্থীরাও যোগ দেবেন
  • শহরের বিভিন্ন পয়েন্টে ১০টি এলইডি স্ক্রিন স্থাপন

নিজস্ব প্রতিনিধি :

দীর্ঘ প্রায় দুই দশক পর রাজনৈতিক সফরে ফেনী আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার বিকালে তিনি ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। জেলার তিনটি আসনে ধানের শীষের প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু (ফেনী-৩), চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি (ফেনী-২) ও ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু (ফেনী-২) সহ নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১২টি আসনের বিএনপি প্রার্থীরা এখানে অংশ নিবেন।


দলীয় সূত্রে জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের আগমনে জেলার সর্বস্তরের নেতকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে ৬০ ফুট ও ৪০ ফুট বিশিষ্ট মঞ্চ নির্মাণ কাজ শেষ হয়েছে। সমাবেশ মঞ্চে তারেক রহমান সহ বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের জন্য ৪০টি চেয়ার সংরক্ষিত থাকবে। ৩ জেলার নেতাকর্মীদের উপস্থিতির বিষয়টি মাথায় রেখে শহরে ১০টি এলইডি স্কিন স্থাপন করা হয়েছে। শহরজুড়ে লাগানো হয়েছে ১৫০টি মাইক। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে টিম গঠন করা হয়েছে। ইতোমধ্যে সভাস্থলসহ শহরের বিভিন্ন সড়কে ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে।


ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে নেতকর্মীসহ সর্বস্তরের জনগণের মধ্যে উদ্দিপনার সৃষ্টি হয়েছে। এই জনসভা হবে ঐতিহাসিক।


জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে দলীয় নেতাকর্মীদের দিয়ে টিম করা হয়েছে। জনসভাটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে জেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন