ফেনী অফিস :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈষম্যমূলক আচরণ করায় জামায়াত জোটের প্রার্থী, এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর অভিযোগ ও গণঅধিকারের ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ভূঞার অনশনের মুখে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।
রোমেন শর্মা জানান,নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং প্রশাসনিক স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে সহকারী কমিশনার (ভূমি) ফেনী সদরকে নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত মাঠ পর্যায়ের কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে জসিম উদ্দিনকে অপসারনের দাবী জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ফটকে অনশনে বসেন তারিকুল। অনশন চলাকালে জেলা প্রশাসক মনিরা হক তার সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ বিবেচনার আশ্বাস দেন। এছাড়া ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলনের প্রার্থী একরামুল হক তাকে সংহতি জানান।
তারিকুল ইসলাম ভূঞা সাংবাদিকদের অভিযোগ করেন, “গত ২৭ জানুয়ারি দুপুরে ট্রাংক রোডের সেন্ট্রাল হাই স্কুলের সামনে লাগানো সাদা কালো বিলবোর্ড খুলে নিতে বলেন এসিল্যান্ড জসিম উদ্দিন। এজন্য সময় চাইলে তিনি অসৌজন্যমূলক আচরণ এমনকি জেলে পাঠানোর হুমকি দেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিলবোর্ড নামিয়ে ফেলি। অথচ আচরণবিধি লঙ্গন করে শহরে প্রচুর পরিমাণ বড় বড় রঙিন বিলবোর্ড লাগানো রয়েছে। বৈষম্যমূলক আচরণ করায় সহকারি কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে দ্রুত অপসারন করা না হলে অনশন চালিয়ে যাবো।” এছাড়া বড় বড় প্রার্থীর লোকজন আমায় অব্যাহতভাবে হুমকি-ধামকি দিচ্ছেন বলেও তারিকুলের দাবী।
এদিকে এসিল্যান্ডের প্রত্যাহার দাবী জানিয়ে অভিযোগ করেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। গতকাল সকালে ওই অভিযোগের শুনানী করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: শাহ নেওয়াজ। শুনানীতে জামায়াতের জেলা সহকারি সেক্রেটারি ও এপিপি জামাল উদ্দিন, ঈগলের প্রধান নির্বাচনী এজেন্ট আ.ন.ম আবদুর রহীম অংশ নেন।