মার্চ ৬, ২০২৬ ১৭:৫৭

মন্ত্রী হলেন আবদুল আউয়াল মিন্টু ফেনীবাসীর স্বপ্নপূরণ


নিজস্ব প্রতিনিধি :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। তার এই অর্জনের মধ্য দিয়ে ফেনীবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।


এর আগে ফেনী-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। একই আসন থেকে সংসদ সদস্য হয়ে বস্ত্র ও পাট এবং বন ও পরিবেশ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন লে. কর্ণেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম। ২০০৬ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থেকে বিদায় নেয়ার পর দীর্ঘসময় ফেনীবাসী আর মন্ত্রী পায়নি।


সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। এরপর থেকেই তাকে ঘিরে শুরু হয় গুঞ্জন। আবদুল আউয়াল মিন্টু বিএনপির মনোনয়ন পাওয়ার পর থেকেই এলাকাবাসী আশা করেন তিনি এমপি হলেই মন্ত্রী হবেন। গতকাল মঙ্গলবার বিকালে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রী সভায় মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের সেই আশা পূরন হলো।


দেশের খ্যাতিমান এই শিল্পপতি এর আগে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর দুইবারের সভাপতি সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। ইতোমধ্যে স্বীয় যোগ্যতায় তিনি বেশ কয়েকটি পুরষ্কারও অর্জন করেন। নিজ এলাকা দাগনভূঞায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, কলকারখানা প্রতিষ্ঠাসহ এলাকার সার্বিক উন্নয়নে তিনি দীর্ঘসময় ধরে ভূমিকা রেখে আসছেন। তার বাবা প্রয়াত হাজী সফিউল্যাহ দাগনভূঞা উপজেলার দুইবারের চেয়ারম্যান ও ভাই মো: আকবর হোসেন দাগনভূঞা পৌরসভার মেয়র ছিলেন। তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল নারী উদ্দ্যোক্তাদের সংগঠন উইমেন এন্টারপ্রিনার্স এসোসিয়েশান (ওয়েব) এর চেয়ারপার্সন। তার জ্যেষ্ঠ ছেলে তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সভাপতি ছাড়াও তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বলেন, দাগনভূঞা তথা ফেনীর উন্নয়নে আবদুল আউয়াল মিন্টুর অনন্য অবদান রয়েছে। মন্ত্রী হয়ে তিনি এলাকার দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আশা করি।


সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদিন বাবলু বলেন, দীর্ঘদিন ধরে ফেনী-৩ আসনের জনগণ উন্নয়ন বৈষম্যের শিকার। জনগণের বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পূর্ণ মন্ত্রী হওয়ায় আবদুল আউয়াল মিন্টু দাগনভূঞা-সোনাগাজীর ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখবেন।


দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক মো: আকবর হোসেন বলেন, আবদুল আউয়াল মিন্টু নির্বাচনী অঙ্গীকার পূরণে শতভাগ চেষ্টা করবেন। দাগনভূঞা-সোনাগাজীকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।


সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম বলেন, আবদুল আউয়াল মিন্টুর মন্ত্রী হওয়ার সংবাদে এলাকায় আনন্দের বন্যা বইছে।


জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বেগম খালেদা জিয়ার পর ফেনীবাসী আর মন্ত্রী পায়নি। এবার মন্ত্রী পাওয়ায় ফেনীবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হলো। এর মধ্য দিয়ে ফেনী জেলায় উন্নয়নও ত্বরান্বিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন