শহর প্রতিনিধি :
ফেনীতে এবারের রোজার বাজারে দাম সহনীয় থাকায় স্বস্তিতে কেনাকাটা করছেন ক্রেতারা। দু’একটি ছাড়া স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে ছোলা, বেসন, ইসুপগুলের ভুসিসহ নানা সামগ্রী। গতকাল শহরের বড় বাজার ঘুরে এচিত্র দেখা গেছে।
বিক্রেতারা জানান, কেজিপ্রতি ছোলা বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়, মুড়ি ৭৫ থেকে ৮০ টাকায়, বেসন ৮০ থেকে ১শ টাকায় ও চিনি বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১শ টাকায় বিক্রি হচ্ছে। গত দুই সপ্তাহ আগেও একই দামে এসব পণ্য বিক্রি হয়েছে দোকানদাররা জানান। এছাড়া ট্যাংক আকারভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। বড় বাজারে ফুটপাতে ট্যাংক বিক্রি করা মোহাম্মদ ইউসুফ ফেনীর সময়কে বলেন, “৫০০ গ্রামের মজারটা ১৫০ টাকা, অরেঞ্জেরটা ১৭০ টাকা ও ম্যাংগোরটাও ১৭০ টাকা বিক্রি করতেছি।”
তবে কিছুটা বেড়েছে পেঁয়াজ ও শসার দাম। পেঁয়াজ কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। শসা ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা। এছাড়া খেজুর বিক্রি হচ্ছে প্রকারভেদে ২শ থেকে ৮শ-১ হাজার টাকা পর্যন্ত।
মেসার্স তপন কুমার সাহার তপন কুমার ফেনীর সময়কে বলেন, “দু’একটা ছাড়া রোজায় কোন দ্রব্যের দাম বাড়েনি। তাও ৫ থেকে ১০ টাকার বেশি বাড়েনি। আগের দামেই বিক্রি হচ্ছে।”