জুন ৬, ২০২৬ ০০:৪৪

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামীকে দিয়ে কমিটি

এবার ফেনী জেলা যুবদলের কমিটিও স্থগিত বাবলু-রাসেল পাটোয়ারী বহিষ্কার


নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক নম্বর আসামিকে যুবদলের নতুন কমিটির নেতৃত্ব দেয়ায় এবার জেলা যুবদলের আহবায়ক কমিটিও স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার বিকালে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে ফেনী পৌর যুবদলের সভাপতি একেএম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়।


বিজ্ঞপ্তিতে উল্ল্যেখ করা হয়, গত ৩০এপ্রিল ফেনী পৌর যুবদলের ৪নং ওয়ার্ডের ঘোষিত কমিটিতে ২০১৭সালে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক মনোনীত করার মতো বিতর্কিত সিদ্ধান্ত অনুমোদন করায় ফেনী পৌর যুবদলের সভাপতি একেএম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়।


একই বিজ্ঞপ্তিতে সাংগঠনিক ইউনিট সমূহে সঠিক তদারকিতে ব্যার্থতা এবং অভ্যন্তরিন শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ফেনী জেলা যুবদলের বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কমিটির কার্যক্রম স্থগিত থাকবে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।


এর আগে রবিবার ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত ও ঘোষিত ১২টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। তথ্য গোপন করে দলীয় পদ গ্রহণ করায় ফেনী পৌর যুবদলের ৪নং ওয়ার্ডের এনামুল হক সুজনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের কোনো ধরনের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়।


প্রসঙ্গত; গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে এনামুল হক সুজনকে ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। জানা গেছে, ২০১৭ সালে ফেনী শহরের মহিপাল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলার ২৮ জন আসামির তালিকায় সুজনের নাম রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলনের দায়ের করা এই মামলায় সুজন ২৫ নম্বর আসামি। এর প্রতিবাদে কমিটির ৮ সদস্যের ৬ জনই পদত্যাগ করেছেন। শনিবার রাতে ঘোষিত কমিটির সভাপতি মোস্তফা কামাল বাদল ও সাধারণ সম্পাদক ছাড়া বাকি ৬ নেতাই পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন-সিনিয়র সহ-সভাপতি গাজী আবদুল কাদের নয়ন, সহ-সভাপতি মো. সবুজ, যুগ্ম-সম্পাদক সাধারণ মো. মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল, দপ্তর সম্পাদক ডালিম মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!