আগস্ট ২, ২০২৬ ০২:৫৫

ছাগলনাইয়ার সেই আলমগীর সিদ্দিকী ঢাকায় গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি : ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকীকে ফেনীর ডিবি পুলিশের সহায়তায় ছাগলনাইয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। অপহরণ, নিজ দলীয় এক কর্মীকে গুলি করে হত্যা চেষ্টা, এক সাংবাদিককে মারধর করে ফেনী নদীতে ফেলে হত্যা চেষ্টা, সরকারি জব্দকৃত বালু লুটপাট, ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ ৬টি মামলায় গতকাল শুক্রবার সকালে ঢাকা শাহজাহানপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, গ্রেফতারের পর আলমগীর সিদ্দিকীকে ফেনী ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ডিবিতে ও ছাগলনাইয়া থানায় একাধিক মামলা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তিনি বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন।

সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপু অভিযোগ, গত ২৪ জুলাই শুক্রবার রাতে আলমগীর সিদ্দিকী ও সহযোগিরা টিপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যার চেষ্টা করে।

মোহনা টেলিভিশন এর প্রতিনিধি নিজাম উদ্দিন মজুমদার সজিবের অভিযোগ, আলমগীর সিদ্দিকীর নির্দেশে তার হেলমেট সন্ত্রাসী বাহিনী সজিবকে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে লাথি মেরে ফেনী নদীতে ফেলে দিয়ে হত্যার চেষ্টা চালায়।

ঘটনার সত্যতা স্বীকার করে ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ইসমাইল বলেন, উভয় ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাবেক ছাত্রদল নেতা টিপুর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে টিপু সমর্থিত নেতাকর্মী ও আলমগীর সিদ্দিকী সমর্থিত নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ এড়াতে গত ২৯ জুলাই বুধবার ছাগলনাইয়া পৌর শহরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এসময় পুলিশের সঙ্গে আলমগীর সিদ্দিকী সমর্থিত নেতাকর্মীদের বাকবিতন্ডা ও ধস্তাধস্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!