নিজস্ব প্রতিনিধি :
সোনাগাজীতে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে ফেসবুক পোস্ট দেয়াকে কেন্দ্র করে শাহ আলম সুমন (৪২) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ভোর বাজারের ইত্যাদি স্টোরের সামনে এ ঘটনা ঘটে। আহত শাহ আলম সুমন হাজীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় লোকজন,আহতের পরিবার ও দলীয় সূত্র জানায়, গত কয়েকদিন আগে যুবদলকর্মী শাহ আলম সুমন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় দাগী আপরাধী ও মাদক ব্যবসার বিরুদ্ধে একটি পোস্ট দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলার ভোরবাজারের ইত্যাদি স্টোরের সামনে শাহ আলমকে একা পেয়ে প্রতিপক্ষ স্থানীয় যুবদল নেতা মো. সোহাগ, সিএনজি সোহাগ, মো. রাকিব ও তাহসিনসহ ১০-১২জন মিলে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকেরা তাকে হুমকি দিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনীর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকেয়া সুলতানা বলেন, আহত ব্যক্তির শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনীর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত যুবদলকর্মী শাহ আলমের ভাতিজা কাজী ইউসুফ বলেন, এঘটনায় তারা পবিারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এঘটনায় কথা বলতে অভিযুক্ত স্থানীয় যুবদল নেতা মো. সোহাগ ও রাকিবের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।