সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১৫:২০

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার


নোয়াখালী প্রতিনিধি :

কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্টকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের মাইজদী বাজারের আশ্রম পাড়ার ভট্ট কুটিরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমন ভট্ট একই এলাকার দু:খ হরণ ভট্টের ছেলে। তিনি ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে ইমন ভট্ট আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সকালে প্রায় দু’বছর পর ঢাকা থেকে তিনি নিজ এলাকার বাসায় আসেন। পরে ওইদিন রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, সোমবার সকালে নোয়াখালী শহরের হোয়াইট হল এলাকায় দন্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। ওই মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্ট অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে। এর একদিন পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়নের অভিযোগ রয়েছে। এছাড়া ইমন ভট্টের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ইমন ভট্টের বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!