লক্ষ্মীপুর প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সমাজ পরিবর্তনের সাথে সাথে জনগণকে মানসিকভাবে পরিবর্তন হতে হবে। তা না হলে প্রযুক্তি বিজ্ঞান সব এগিয়ে গেলেও জনগণের উন্নয়ন সম্ভব হবেনা। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আইন শৃংখলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে লক্ষীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই করবো। ধরেন, আমি যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নেই, আপনাদের মাধ্যমেই নেবো। এজন্য আমি অনুরোধ করবো, যতক্ষণ আমরা দুর্নীতি প্রতিরোধ করতে না পারি, চেষ্টা চালিয়ে যাবো। দুর্নীতি সবসময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা। দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব। এছাড়া মাদক, কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধ প্রসঙ্গে তিনি আরও বলেন, শুধু আইনের প্রয়োগে নয় সবাই সম্মিলিতভাবে এসব প্রতিরোধ করতে হবে।
তিনি লক্ষীপুর জেলার জন গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা সম্পর্কে বলেন, জেলার মন্ত্রী, এমপিদের সঙ্গে পরামর্শ করে এসব সমস্যার সমাধান করা হবে। জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলির তদারকি ও সমন্বয়ক সংক্রান্ত বিষয় নিয়ে এ আয়োজন করা হয়।

জেলা প্রশাসক এস.এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও জেলা পুলিশ সুপার মো. আবু তারেক প্রমুখ। এ সময় জেলার বিভিন্নব সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সার্কিট হাউসে পৌঁছলে তাকে জেলা প্রশাসন ও জেলা বিএনপি পৃথকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দিয়ে মন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়।