সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১৫:২০

সোনাগাজীতে আবদুল আউয়াল মিন্টু সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে আমরা বদ্ধপরিকর


নিজস্ব প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ করতে আমরা বদ্ধপরিকর। আমরা সরকার গঠন করেছি মাত্র ৬-৭মাস হলো। আমাদেরকে একটু সময় দিতে হবে। আগামীতে কমিটি গঠনের মাধ্যমে দলকে ঢেলে সাজাতে হবে। তাই আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আমরা যদি একতাবদ্ধ না থাকি, আমাদের সফলতা আসবে না।

তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন। উপজেলা থেকে তৃণমূল পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, আমি আজই দলের উচ্চ পর্যায়ে কথা বলব এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করব। আশা করি দলের শৃঙ্খলা ফিরে আসবে এবং সবাই একতাবদ্ধ থাকলে সফলতা আমাদের আসবেই।

গতকাল বুধবার বিকালে সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত পৌরসভা মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভুঞার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সৈয়দ রেজাউল হক শিমুল, পৌর বিএনপি আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদী, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, মঙ্গলকান্দি ইউপির সাবেক চেয়রম্যান দাউদুল ইসলাম মিনার, বগাদানা ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ পারভেজ, চর দরবেশ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

দলীয় নেতাকর্মীদের দাবি, দলকে সুসংগঠিত করতে হলে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে দলের পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে হবে। দলীয় শৃঙ্খলা ফিরিয়ে এনে সরকারের উন্নয়নের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সভা শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রশাসনিকভাবে ঘোষণা করার আগ পর্যন্ত সোনাগাজীতে এখনো কোন বৈধ বালু মহাল নেই। যাদের বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ আসছে তারা বলছেন, তারা অন্য জায়গা থেকে বালু নিয়ে এসে এখানে স্তুপ করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মুসাপুর রেগুলেটরের প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প আগামী একনেক মিটিংয়ে উত্তোলন হচ্ছে। আশা করছি, সোনাগাজীর নদী ভাঙ্গন এবং মুসাপুর রেগুলেটরের যে ক্ষতির প্রভাব সেটি থেকে সোনাগাজী -দাগনভূঞা ও কোম্পানীগঞ্জ উপজেলাবাসি মুক্তি পাবে। মতবিনিময় সভায় উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!